প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ মে ২০২৩ ১৯:৪৭ পিএম
পাকিস্তানের হয়ে ওপেনিংয়ে ব্যাট করতে নামায় ইমাম উল হক নিয়মিতই জুটি গড়ার সুযোগ পান ফখর জামান ও বাবর আজমের সঙ্গে। এই তিনজনের ব্যাটে নিয়মিত সাফল্যও পাচ্ছে পাকিস্তান। সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের ম্যাচেও পাকিস্তানকে জয়ের ভিত গড়ে দিয়েছিল তাদের জুটি। ম্যাচ শেষে তাই নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন ম্যাচসেরা ইমাম উল হক।
আরও পড়ুন - নতুন অভিষেকের অপেক্ষায় চেমসফোর্ড
বুধবার সিরিজের তৃতীয় ওয়ানডেতে বাবর আজমের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে ১০৮ রান তুলেছেন ইমাম, যা ছিল দুজনের দশম শতরানের জুটি। আর এই জুটিতেই ইউনিস খান ও মোহাম্মদ ইউসুফ জুটিকে ছাড়িয়ে গেছেন তারা। ইউনিস-ইউসুফ যেখানে ৬৯ ইনিংস মাঠে নেমে এই কীর্তি গড়েছিলেন, সেখানে ৩১ ইনিংসেই রেকর্ডটি ছুঁয়ে ফেলেছেন বাবর-ইমাম। সাফল্যে পিছিয়ে নেই ইমাম-ফখর জুটিও। ৫৩ ইনিংস একসঙ্গে জুটি গড়ে ৭টি সেঞ্চুরি জুটি আছে এই দুই বাঁহাতির। দুজনের সঙ্গে জুটি গড়া নিয়ে ম্যাচ শেষে ইমাম বলেন, ‘দুজনই আলাদা। ফখর একেবারেই কোনো কথা বলে না, অন্যদিকে বাবর কখনও চুপই থাকে না। বাবর আমাকে খুব ভালো করে চেনে। ওর তাই জানা আছে আমার ভেতর কী চলছে। দুজনের সঙ্গেই ব্যাট করতে খুব ভালো লাগে।’
‘ওয়ানডেতে টপ অর্ডারের তিন ব্যাটসম্যান আমরা। একসঙ্গে খেলছি ৫-৬ বছর ধরে। এর মধ্যে আমরা ভালো খেলেছি, খারাপও করেছি। চেষ্টা থাকে সব সময় ভালো করার। এ জন্যই আমাদের জুটি খুব ভালো জমে। দুজনের সঙ্গেই ব্যাট করে মজা পাই। ফখরের সঙ্গে অনেক আগে থেকেই খেলছি। বাবরের সঙ্গে আমার বন্ধুত্ব এত ভালো যে, পরিষ্কার বুঝে যাই কী হতে যাচ্ছে।’