প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ মে ২০২৩ ১৬:০০ পিএম
আপডেট : ০৫ মে ২০২৩ ০৯:১৪ এএম
দুরন্ত ফর্মে রয়েছেন আর্লিং হাল্যান্ড। নরওয়ের এ তারকা ফের নিজে গোল করলেন। করলেন গোলের রেকর্ডও। ওয়েস্ট হ্যামের বিপক্ষে ৩-০ গোলে দলকেও জেতালেন। জয়ের সঙ্গে ম্যানচেস্টার সিটি ফিরে পেল ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার রাজত্ব।
আরও পড়ুন : সালাউদ্দিন- শাটআপ অ্যান্ড গেটআউট
এ ম্যাচেই হাল্যান্ড ভেঙে দিয়েছেন পুরনো রেকর্ড। প্রিমিয়ার লিগে গড়েছেন নতুন রেকর্ড। ইংলিশ লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোল করার কীর্তি এখন তার দখলে। মাঠেই কোচ ও সতীর্থদের কাছ থেকে পেয়েছেন গর্ডার অর্নার।
ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ওয়েস্ট হ্যামের বিপক্ষে চলতি মৌসুমে ৩৫তম লিগ গোলের দেখা পেয়েছেন ম্যানচেস্টার সিটির এ তারকা স্ট্রাইকার। ৩৪ গোল নিয়ে আগের রেকর্ডটি এতদিন নিজেদের দখলে রেখেছিলেন অ্যালান শিয়ারার ও অ্যান্ডু কোল। এবার তাদের দুজনকে ছাড়িয়ে নতুন ইতিহাস লিখলেন হাল্যান্ড। দুজনেই রেকর্ডটি করেছিলেন ৪২ ম্যাচের আসরে। আর হাল্যান্ডের নতুন মাইলফলক গড়লেন ৩৮ ম্যাচের আসরে।
৩৮ ম্যাচের মৌসুমে হাল্যান্ড রেকর্ডটি আগেই করে ফেলেছেন। পেছনে ফেলেছেন ২০১৭-১৮ মৌসুমে লিভারপুলের হয়ে ৩২ গোল মিশরীয় ফুটবল রাজপুত্র মোহাম্মদ সালাহকে।
হাল্যান্ডের সঙ্গে ম্যানসিটির হয়ে বাকি দুই গোল করেন নাথান একে ও ফিল ফোডেন। আর ফোডেনের গোলটি ছিল কোচ পেপ গার্দিওলার অধীনে ১০০০তম গোল।
দাপুটে এ জয়ে ৩৩ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে উঠে গেছে ম্যানসিটি। আর এক ম্যাচ বেশি খেলে ৭৮ পয়েন্টের পুঁজি নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে কোচ মিকেল আর্তেতার আর্সেনাল।
অন্য ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে লিভারপুল। নিজেদের মাঠ অ্যানফিল্ডে দ্য রেড শিবির হারিয়েছে ফুলহামকে। একমাত্র জয়সূচক গোলটি করেন মোহাম্মদ সালাহ।