প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মে ২০২৩ ০৮:৫৫ এএম
আপডেট : ০৫ মে ২০২৩ ০৯:০৪ এএম
বৃষ্টির কারণে প্রথম দুই ওয়ানডেতে আসেনি ফলাফল। আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপে বারবারই বৃষ্টির বাধায় পড়ছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে ভেসে গেছে বৃষ্টিতে। এর আগে নিউজিল্যান্ডেও বৃষ্টির কারণে দুই ওয়ানডেতে মাঠে নামতে পারেননি বাংলাদেশের মেয়েরা। বৃষ্টির শঙ্কার মাঝেই আজ তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার মেয়েদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কলম্বোর পি সারা ওভালে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে ম্যাচ।
আরও পড়ুন : উইন্ডিজ সিরিজে ‘এ’ দলের অধিনায়ক আফিফ
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে আগে বোলিং করে বাংলাদেশ। শ্রীলঙ্কার ইনিংসে নামা বৃষ্টি শেষ পর্যন্ত না থামায় ম্যাচ পরিত্যক্ত হয়। মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টির কারণে টস হওয়ার আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচ। সেই শঙ্কা নিয়ে আজ আবারও লঙ্কান মেয়েদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
শ্রীলঙ্কায় এখনও নিজেদের শক্তির প্রমাণ দিতে পারেনি বাংলাদেশ। সফর শুরুর আগে পেসার জাহানারা আলম বলেছিলেন, ‘অভিজ্ঞতা ও শক্তি-সামর্থ্যে এগিয়ে আছে বাংলাদেশ।’ মাঠে ব্যাটে-বলের লড়াই না হওয়ায় সেই প্রমাণ এখনও মেলেনি। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশের মেয়েরা নিজেদের প্রমাণ করতে পারবেন সেটাই দেখার অপেক্ষায় সমর্থকরা। ম্যাচ নিজেদের করে নিতে পারলে সিরিজ জয়ও নিশ্চিত করবে নিগার সুলতানা জ্যোতির দল। আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে অবস্থান টাইগ্রেসদের। সমান পয়েন্ট নিয়ে পরের অবস্থানে আছে শ্রীলঙ্কা।
ওয়ানডে সিরিজ শেষে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন বাংলাদেশের মেয়েরা। আগামী ৯, ১১ ও ১২ মে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে মুখোমুখি হবে দুই দল।