প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৩ ২০:৫৩ পিএম
আপডেট : ০৩ মে ২০২৩ ২১:১২ পিএম
কিছুদিন ধরেই আলোচনায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেটা অবশ্য নেতিবাচক কারণে। সেই ১৪ এপ্রিল সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে করা ফিফার নিষেধাজ্ঞা থেকে শুরু, সবশেষ গত মঙ্গলবার সংবাদমাধ্যম কর্মীদের নিয়ে বেফাঁস মন্তব্য করে বিপাকে পড়ে গেছেন সভাপতি কাজী সালাউদ্দিন। একের পর এক বিতর্কের জন্ম দিয়ে যাওয়া বাফুফের বিরুদ্ধে এবার দুদকে অভিযোগ জানিয়েছেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। গতকাল বুধবার দুদক কার্যালয়ে তদন্তের আবেদন জানান সুমন।
বাফুফে নিজেই অবশ্য একটা তদন্ত কমিটি গঠন করেছে জালিয়াতির অভিযোগে নিষিদ্ধ সোহাগের বিরুদ্ধে। তবে সে তদন্ত কমিটি নিয়ে প্রশ্ন তুলেছেন সুমন। তার কথা, ‘১৮ কোটি মানুষ যদি বাংলাদেশে থাকে, তাহলে ১৮ কোটিই ফুটবল ফেডারেশনের এসব দুর্নীতির বিষয়ে জানে। এখন আন্তর্জাতিকভাবেও সবাই জানে যে ফুটবলেও এমন দুর্নীতি হয় বাংলাদেশে। সোহাগের ইস্যুতে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা কাজ শুরুর আগেই দুজন পদত্যাগ করেছেন। তাহলে আপনারা বুঝেন কী তদন্ত হবে।’
আরও পড়ুন:
বাফুফে ইস্যুতে শিগগিরই হাইকোর্টেও মামলা করতে চলেছেন সুমন। তিনি জানান, ‘আমি আবেদনটা নিয়ে এসেছি হাইকোর্টে যাওয়ার জন্য। হাইকোর্টে যাওয়ার রিকোয়ারমেন্ট হচ্ছে আগে দুদকে আবেদনটা করতে হয়। আমাদের জন্য বিষয়টা লজ্জার। ফুটবলের এত ক্ষতি হলো, ফুটবলারদের জীবন নষ্ট হলো, কিন্তু তাদের আমরা ক্রিমিনাল অফেন্সের আওতায় আনতে পারছি না। আমি আগামী সপ্তাহে হাইকোর্টে মামলা করব। আমি হাইকোর্টে একটা জুডিসিয়াল তদন্ত চাই, যাতে সালাউদ্দিনের দোষ পেলে তাকেও যেন আনা যায়।’
সোহাগ ইস্যুতে ১০ জনের তদন্ত কমিটি গড়ে বাফুফে। সুমন জানান, ‘তদন্ত কমিটিতে থাকাদের বিরুদ্ধেও তদন্ত করা দরকার। সোহাগ তো আর একা দুর্নীতি করতে পারেন না, কারও অ্যাপ্রুভাল পেয়েই করতে পেরেছেন!’