প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ মে ২০২৩ ১২:০৩ পিএম
‘শামির জন্য দুঃখ হচ্ছে, আমরা ওকে হতাশ করেছি’ ম্যাচ শেষে অকপট স্বীকার করেছেন গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। ছোট রানের লক্ষ্যের যে ভিত সেটি বল হাতে দুর্দান্ত দিন পার করে গড়ে দিয়েছিলেন মোহাম্মদ শামি। দিল্লির বিপক্ষে সেই ছোট সংগ্রহেও ফল পক্ষে আসেনি গুজরাটের। ফিফটি করেও হার রুখতে পারেনি হার্দিক, দিল্লি শেষ পর্যন্ত জয় তুলেছে ৫ রানের।
আহমেদাবাদে আগে ব্যাটে নেমে ৮ উইকেটে ১৩০ রান জমা করে দিল্লি ক্যাপিটালস। গুজরাটের হয়ে চারটি উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি। জবাবে ব্যাটে নেমে ৬ উইকেটে ১২৫ রান সংগ্রহ করতে পারে গুজরাট। দিল্লির কাছে হেরেও ৯ ম্যাচে ৬ জয়ে টেবিলের শীর্ষেই গুজরাট। পরিবর্তন হয়নি টেবিলের কোনো দলের। অন্যদিকে ৯ ম্যাচে ৩ জয়ে দশে দিল্লি।
আরও পড়ুন:
ম্যাচে বল হাতে পাওয়ার প্লেতে ৩ ওভার বল করে মাত্র ৭ রান খরচ করে ৪টি উইকেট তুলে নেন শামি। ইনিংসের সপ্তম ওভারে বল করতে এসে আরও ৪ রান খরচ করেন তারকা পেসার। একটানা নিজের কোটার চার ওভার বল করে শামি ১১ রানের বিনিময়ে ৪ উইকেট দখল করেন। এই প্রথম আইপিএলে ৪ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন শামি। এটি তার টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিং পারফর্ম্যান্স।
শুরুর ধাক্কা পরে সামলে উঠতে পারেননি দিল্লি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৩০ রানের বেশি সংগ্রহ করতে পারেনি। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাট টাইটানস ৬ উইকেটে ১২৫ রানে আটকে যায়। ব্যাটসম্যানদের ব্যর্থতায় হার্দিকরা ৫ রানে ম্যাচ হেরে বসায় ব্যর্থ হয় শামির দুর্দান্ত লড়াই। ম্যাচের শেষে স্বাভাবিকভাবেই শামির জন্য দুঃখ প্রকাশ করেছেন পান্ডিয়া।