প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ মে ২০২৩ ১২:৩৪ পিএম
আপডেট : ০২ মে ২০২৩ ০০:১৬ এএম
লিগ পর্ব শেষে নিজ নিজ দেশে ফিরেছিলেন ডিপিএলে খেলা বিদেশি ক্রিকেটাররা। আবাহনী শিবিরে থাকা বাবা অপরাজিত অবশ্য অনেক আগেই ফিরে গেছেন দেশে।
আরও পড়ুন : সুপার লিগের সুপার সিক্স
সুপার লিগে তিনি আবাহনীর জার্সিতে ফেরেননি। তার বদলি হিসেবে ছিলেন পাকিস্তানি মিডল অর্ডার ব্যাটার খুশদিল শাহ। চলতি বছর শেষ হওয়া বিপিএলে খেলেছিলেন এই ব্যাটার। অন্যদিকে মোহামেডানের ডেরায় নাম লিখিয়েছেন শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস।
গতকাল একই সময়ে মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করে আবাহনী ও মোহামেডান। ওই সময়ই নজরে আসেন খুশদিল শাহ। আবাহনীর জার্সিতে তাকে অনুশীলনে দেখা যায়। সুপার লিগ খেলতে শনিবার রাতেই ঢাকায় এসেছেন এই ব্যাটার। এর আগে গত বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের জার্সিতে খেলেছিলেন। ওইবার দুই ম্যাচে তার ব্যাটে এসেছিল ৪৫ রান। পাকিস্তানের জার্সিতে ১০ ওয়ানডে ও ২৪ টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে তার।
অন্যদিকে মোহামেডানের অনুশীলনে ছিলেন না কোনো বিদেশি ক্রিকেটার। দলটির এক নীতিনির্ধারক নিশ্চিত করেন ম্যাচের আগে ঢাকায় আসবেন শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস। সর্বশেষ বিপিএলে ২৪ বছর বয়সি এই অলরাউন্ডার ছিলেন সিলেট স্ট্রাইকার্সের ডেরায়। তাকে অবশ্য কোনো ম্যাচে মাঠে নামায়নি দলটি। শ্রীলঙ্কার হয়েও তার ক্যারিয়ার খুব বেশি সমৃদ্ধ নয়। দেশটির জার্সিতে ১ টেস্ট, ৭ ওয়ানডে ও ৫ টি-টোয়েন্টি খেলেছেন তিনি।