ডিপিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ মে ২০২৩ ১০:০২ এএম
আপডেট : ০২ মে ২০২৩ ০০:১৭ এএম
ঈদের ছুটি কাটিয়ে দীর্ঘ বিরতির পর আজ থেকে মাঠে গড়াচ্ছে ডিপিএলের সুপার লিগ। শিরোপা লড়াইয়ে সুপার লিগে মাঠে নামবে ছয় দল। টেবিলের শীর্ষে থেকে আবাহনী শুরু করবে সুপার লিগ। দ্বিতীয় স্থানে থাকা শেখ জামাল আবাহনীর সমান পয়েন্ট নিয়ে সুপার লিগ শুরু করছে। মূলত শিরোপার লড়াইয়ে রয়েছে এই দুটো দলই- আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
আরও পড়ুন : মিরপুরে আজ আবাহনী-মোহামেডান দ্বৈরথ
লিগ টেবিলে পরের চার অবস্থানে থাকা লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, মোহামেডান ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের জন্য শিরোপার লড়াইয়ে থাকা একরকম কঠিনই বটে। সুপার লিগের সুপার সিক্স এই দলগুলোর আদ্যোপান্ত জানাচ্ছেন পার্থ রায়।
ওপেনারদের কৃতিত্বে শীর্ষে আবাহনী
ডিপিএলে শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে এবার দারুণ ছন্দে আছে আবাহনী। রবিন রাউন্ড লিগ পর্বে ১১ ম্যাচে দলটির হার মাত্র এক ম্যাচে। লিগে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা শেখ জামালের কাছে হেরেছিল তারা। এবারের আসরে আবাহনীর শক্তির জায়গা তাদের উদ্বোধনী জুটি। দুই ওপেনার এনামুল হক বিজয় ও নাঈম শেখের ওপর ভর করেই মূলত প্রতিপক্ষকে বারবার গুঁড়িয়ে দিয়েছে তারা। এই দুইয়ের রান ফোয়ারার কারণে লিগ পর্বের কোনো ম্যাচেই বড় কোনো পরীক্ষার মুখোমুখি হয়নি আবাহনীর মিডল অর্ডার। নাঈম শেখ এক সেঞ্চুরি ও ৭টি হাফ সেঞ্চুরি নিয়ে এখন পর্যন্ত লিগের সেরা ব্যাটসম্যান। বোলিংয়েও আগুন ঝরাচ্ছে আবাহনী। পেসার মোহাম্মদ সাইফউদ্দিন ও স্পিনার তানভীর ইসলামের নেতৃত্বে গড়া বোলিং ইউনিট প্রতি ম্যাচেই প্রতিপক্ষকে ধসিয়ে দিচ্ছে। দুইজনই সমান ১৮টি করে উইকেট শিকার করেছেন।
আবাহনীর মিডল অর্ডারে আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকের আলী অনিকরা নিজেদের দিনে হয়ে উঠতে পারেন দলের সেরা তারকা।
চলতি মৌসুমে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার ওপরে থাকা দুইটি নামই আবাহনীর। সবার ওপরে থাকা নাঈম শেখ ১১ ম্যাচে করেছেন ৭১৯ রান। দুইয়ে থাকা এনামুল বিজয়ের সংগ্রহ ৬৪৪ রান। সেরা রান সংগ্রাহকের মতো পয়েন্ট তালিকার শীর্ষস্থানেও একচ্ছত্র আধিপত্য আবাহনীর। যদিও দুইয়ে থাকা শেখ জামাল তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। সেক্ষেত্রে সুপার লিগের পাঁচ ম্যাচের কোনোটিতেই পা না হড়কালে আবাহনীর জন্য শিরোপা নিশ্চিত করা মোটেও কঠিন হবে না। কারণ দুইয়ে থাকা শেখ জামালের পয়েন্ট সমান হলেও রানরেটের ব্যবধানে পেছনে পড়েছে।
ব্যাটে-বলে ছন্দে শেখ জামাল
পয়েন্ট তালিকার দুইয়ে আছে শেখ জামাল। আবাহনীর সঙ্গে তাদের পয়েন্ট সমান হলেও রানরেটের ব্যবধানে সামান্য পিছিয়ে আছে তারা। এবারের আসরের শুরু থেকে দারুণ ফর্ম দেখাচ্ছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। লিগে তারা একটি মাত্র ম্যাচ হেরেছে মোহামেডানের বিপক্ষে। সাকিবের প্রত্যাবর্তনের ওই ম্যাচেই মোহামেডান হারায় শেখ জামালকে। বাকি ম্যাচগুলোতে আবাহনীর মতো শেখ জামাল ধানমন্ডি ক্লাবও প্রতিপক্ষের ওপর ছড়ি ঘুরিয়েছে।
মূলত দলগত ছন্দেই টুর্নামেন্টের লিগ পর্ব পার করেছে তারা। শেখ জামালের হয়ে ব্যাট হাতে নিজেকে প্রমাণ করেছেন ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ ফজলে মাহমুদ রাব্বি। দলের হয়ে তিনিই সর্বোচ্চ ৪৮২ রান করেছেন। এ ছাড়া ওপেনার সাইফ হাসানের ব্যাটেও এসেছে সমান সংখ্যক রান। জাতীয় দলের ব্যস্ততায় নিয়মিত খেলতে পারেননি তাওহিদ হৃদয়। যখনই সুযোগ এসেছে শেখ জামালের ব্যাটিং লাইনআপকে সমৃদ্ধ করেছেন তিনি। জাতীয় দলের আয়ারল্যান্ড সফরের কারণে অবশ্য সুপার লিগে খেলার সুযোগ নেই তার। টুর্নামেন্টে ৭ ম্যাচে হৃদয় করেছেন ৩১৬ রান।
বোলিংয়ে শেখ জামালকে এককভাবে এগিয়ে নেওয়ার নায়ক ভারতীয় স্পিনার পারভেজ রসুল। লিগ পর্বের সবগুলো ম্যাচ খেলে তার শিকার ২৩ উইকেট। ডিপিএলের এবারের আসরে সর্বোচ্চ উইকেট শিকারি এই ডান হাতি স্পিনার। এ ছাড়াও অখ্যাত স্পিনার আরিফ আহমেদ ১১ ম্যাচে নিয়েছেন ১৫ উইকেট। বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীও নিয়েছেন সমান ১৫ উইকেট। শেখ জামালের পেস বোলিং বিভাগকে নেতৃত্ব দেওয়া মৃত্যুঞ্জয়কে অবশ্য সুপার লিগে দেখা যাবে না। জাতীয় দলের সঙ্গে আয়ারল্যান্ড সিরিজ খেলতে ইংল্যান্ডে যাবেন এই বাঁহাতি। তার জায়গা নিতে পারেন আরেক বাঁহাতি শফিকুল ইসলাম। ৭ ম্যাচে তার শিকার ১৩ উইকেট।
এবারের আসরে শেখ জামালের জন্য শিরোপা ধরে রাখাটা বড় চ্যালেঞ্জিং। শীর্ষে থাকা আবাহনীর সমান পয়েন্ট নিয়ে রানরেটের ব্যবধানে পেছনে তারা। শিরোপা জিততে তাই আবাহনীর বিরুদ্ধে ম্যাচে তাদের জিততেই হবে। বড় কোনো দুর্ঘটনা না ঘটলে এই ম্যাচের জয়ী দলই হবে এবারের ডিপিএলের চ্যাম্পিয়ন।
লিজেন্ডস অব রূপগঞ্জ
শীর্ষে দুইয়ে থাকা আবাহনী ও শেখ জামালের চেয়ে চার পয়েন্ট পেছনে লিজেন্ডস অব রূপগঞ্জ। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে থাকা দলটির এবারের আসরের নায়ক ভারতীয় অলরাউন্ডার চিরাগ জানি। ব্যাটে-বলে দারুণভাবে দলকে টেনে নিচ্ছেন তিনি। রান করেছেন ৪৬৬। এ ছাড়াও দেশীয় ক্রিকেটারদের মধ্যে ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, সাব্বির রহমানরাও ভালো রানে আছেন। বল হাতেও রূপগঞ্জের সেরা চিরাগ জানি। তার দখলে আছে ১৭টি উইকেট। মাশরাফি বিন মর্তুজা, আল আমিন হোসেন ও সোহাগ গাজীও ফর্ম দেখাচ্ছেন। মাশরাফির দখলে আছে ১৬টি উইকেট।
সমস্যা হলো বড় ম্যাচগুলোতে প্রায় খেই হারায় লিজেন্ডস অব রূপগঞ্জ। ৭ ম্যাচ জিতে ১৪ পয়েন্ট নিয়ে সুপার লিগে নাম লিখিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ইরফান পারভেজ, ইমন ও সাব্বির রহমান প্রত্যেকেই চারশর বেশি রান করেছেন এখন পর্যন্ত। তাদের ব্যাটে লিগ পর্বের মতো রান ফোয়ারা থাকলে ৪ পয়েন্ট পেছনে থাকলেও শিরোপার লড়াই জমিয়ে তুলতে পারে রূপগঞ্জ।
প্রাইম ব্যাংক
মোহাম্মদ মিঠুন, নাসির হোসেন, রুবেল হোসেন ও রেজাউর রহমান রাজাদের কল্যাণে এবার সুপার লিগ নিশ্চিত করেছে। শীর্ষ দুইয়ে থাকা আবাহনী ও শেখ জামালের চেয়ে ৬ পয়েন্ট পেছনে আছে তারা।
প্রাইম ব্যাংকের হয়ে ব্যাট হাতে নিয়মিত পারফর্ম করেছেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। টুর্নামেন্টে তার রান ৩৩৭। প্রথম দিকে ফর্মহীন থাকা নাসির হোসেন শেষদিকে অবশ্য জ্বলে উঠেছেন। তার ব্যাটে রান ৩২৫ । জাতীয় দলের ব্যস্ততার মাঝে মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বিরা খেলেছেন প্রাইম ব্যাংকের জার্সিতেও। তাদের পারফরম্যান্সেও এগিয়েছে দলটি। সুপার লিগে তাদের সার্ভিস পাওয়া যাবে না। জাতীয় দলের ব্যস্ততায় থাকবেন তারা।
ব্যাটিংয়ে নিজেদের শক্তি হারালেও বোলিংয়ে পূর্ণশক্তিকেই পাচ্ছে প্রাইম ব্যাংক। দুই পেসার রুবেল হোসেন ও রেজাউর রহমান রাজা দলকে সাফল্য এনে দিচ্ছেন। অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলের এই বোলিং ইউনিট যে কারও জন্যই হুমকির। সুপার লিগে সেই ধারাবাহিকতা থাকলে রূপগঞ্জের মতো তারাও জমিয়ে তুলতে পারবে শিরোপার লড়াই।
মোহামেডান
প্রথম পাঁচ ম্যাচে মাত্র এক পয়েন্ট পাওয়া মোহামেডানের সুপার লিগে খেলা নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। পরের ছয় ম্যাচ জিতে শেষ পর্যন্ত সুপার লিগ নিশ্চিত করেছে তারা। সাকিব আল হাসানের ছোঁয়ায় বদলে যাওয়া মোহামেডান সুপার লিগে পাবে না তার সার্ভিস।
মোহামেডানের ডেরায় আছে মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, ইমরুল কায়েস, আবু জায়েদ রাহি, খালেদ আহমেদের মতো বড় বড় নাম। তবে ইমরুল কায়েস ছাড়া তাদের কেউই নিজেদের ঠিকমতো প্রমাণ করতে পারেননি। অধিনায়ক ইমরুল কায়েসের ব্যাটে রান ৪৬৫। তরুণ মাহিদুল ইসলাম অঙ্কনও ভালো ফর্ম দেখিয়েছেন। উইকেটরক্ষক এই ব্যাটার করেন ৪৬১ রান।
বোলিংয়ে মোহামেডানের ভরসা ছিল বিদেশি স্পিনার জ্যাক লিনটট। দারুণ বোলিং করা লিনটট ৬ ম্যাচে তার শিকার ১৭ উইকেট।
এবারের আসরের লিগ পর্বে ১৩ পয়েন্ট পেয়েছে সাদা-কালোরা। টুর্নামেন্টের সেরা দুইয়ে থাকা আবাহনী ও শেখ জামালের চেয়ে ৭ পয়েন্ট পেছনে আছে তারা। বলাই যায়, শিরোপা লড়াইয়ে নেই তারা।
গাজী গ্রুপ ক্রিকেটার্স
দলে নেই কোনো বড় তারকা। জাতীয় দলে জায়গা করে নেওয়ার দৌড়ে থাকা ক্রিকেটারদের নিয়েই গড়া হয়েছে দলটি। শেষ দল হিসেবে তারা সুপার লিগ নিশ্চিত করেছিল। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীর নেতৃত্বে দলটির জন্য শিরোপা লড়াই থেকে অনেক অনেক দূরে। একটাই কাজ তাদের সামনে তা হলো অন্য দলগুলোর জন্য শিরোপাজয়ের পথ কঠিন করে তোলা।
টুর্নামেন্টের লিগ পর্বে ১১ ম্যাচে তাদের অর্জন ১১ পয়েন্ট। শীর্ষে থাকা আবাহনী ও শেখ জামালের চেয়ে তারা পেছনে আছে ঠিক ৯ পয়েন্টে। দলটির সুপার লিগে ওঠার জন্য বড় নিয়ামক ছিলেন ভারতীয় ব্যাটার রবি তেজা। ব্যাট হাতে ৫০৩ রান করে গাজী গ্রুপের রানের চাকা সচল রাখেন। হাবিবুর রহমান সোহান, মেহেদি মারুফ ও আকবর আলীরাও মাঝেমধ্যেই খেলেছেন দারুণ কিছু ইনিংস। তাতেই সুপার লিগে উঠেছে দলটি।