২২ ম্যাচ পর রিচার্লিসনের গোল
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ মে ২০২৩ ০৩:২৪ এএম
আপডেট : ০২ মে ২০২৩ ০১:২৭ এএম
নিজেদের মাঠে জয়ের লক্ষ্য নিয়েই নেমেছিল পিএসজি। কিন্তু হলো তার উল্টো। দুঃস্বপ্নের হারের তেতো স্বাদ হজম করতে হয়েছে ফরাসি জায়ান্টদের। অতিথি লোরিয়েন্তের কাছে লিওনেল মেসির দল হার মেনেছে ৩-১ গোলে।
আরও পড়ুন : তিন বলে ডেভিডের তিন ছক্কা, ২০০ প্লাস টার্গেটেও জিতল মুম্বাই
ম্যাচের ২০ মিনিটের মাথায় দ্বিতীয় হলুদ কার্ড মানে লাল কার্ড দেখেন আশরাফ হাকিমি। দশ জনের পিএসজি আর ম্যাচে সেভাবে লড়াই করতে পারেনি। সান্ত্বনার একটি গোল করে ছিলেন কাইলিয়ান এমবাপ্পে।
হারলেও ফরাসি লিগ ওয়ানে সবার ওপরে রয়েছে পিএসজি (৭৫ পয়েন্ট)। দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিক মার্সেইয়ের (৭০ পয়েন্ট) চেয়ে এখনো ৫ পয়েন্টে এগিয়ে রয়েছে তারা।
পিএসজি হার মানলেও ঠিকই জয় তুলে নিয়েছে বায়ার্ন মিউনিখ ও লিভারপুল। বুন্দেসলিগায় বাভারিয়ানরা ২-০ গোলে হারিয়েছে হার্থা বার্লিনকে। আর ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল ৪-৩ গোলে জিতেছে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে।
বিজয়ী দল লিভারপুলের হয়ে গোল করেন জোন্স, ডিয়াজ, মোহাম্মদ সালাহ ও জোটা। স্পারদের হয়ে গোল করেন হ্যারি কেন, সন হিউং-মিন ও রিচার্লিসন। এ নিয়ে ২২ ম্যাচ পর গোলের দেখা পেলেন ব্রাজিলের তারকা রিচার্লিসন।