প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৩ ২২:৫১ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৩ ২২:৫৭ পিএম
১৯৯৮ বিশ্বকাপ সামনে রেখে ফ্রান্স সরকার নির্মাণ করেছিল প্যারিসের স্তাদে দে ফ্রান্স স্টেডিয়ামটি। ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামটিতেই সে বছর বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরে ফ্রান্স। এরপর বহু জয়ের সাক্ষী হয়েছে এই স্টেডিয়ামটি।
আরও পড়ুন : বাংলাদেশকে জিম্বাবুয়ে বানালেন আফ্রিদি
আগামী ২০২৪ প্যারিস অলিম্পিকের মূল আসরও বসবে এই মাঠকে কেন্দ্র করেই। অথচ এই মাঠটিকেই বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স সরকার, যা কিনতে ইতোমধ্যেই আগ্রহ প্রকাশ করেছে পিএসজি।
ফ্রান্সের গণমাধ্যমের সূত্রে এএফপি জানিয়েছে, ফুটবলের বৈশ্বিক কর্তৃপক্ষ ফিফা এবং ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফাও স্তাদে দে ফ্রান্স কিনতে আগ্রহী। তবে পিএসজি ফ্রান্সের সরকারি মালিকানাধীন স্টেডিয়ামটি কিনতে চাইলেও বর্তমান জায়গায় থেকে যাওয়াকে অগ্রাধিকার দিচ্ছে।
১৯৭৩ সাল থেকে পার্ক দে প্রিন্সেসকে ‘হোম ভেন্যু’ হিসেবে ব্যবহার করে আসছে পিএসজি, যার মালিকানা কাউন্সিল অব প্যারিসের। এই মাঠটি পিএসজি চেয়ে এলেও তা বিক্রিতে আগ্রহী নন প্যারিসের মেয়র। ফলে বাধ্য হয়ে স্তাদে দে ফ্রান্স কিনতে আগ্রহ প্রকাশ করেছে পিএসজি।
তবে তার জন্য কী পরিমাণ অর্থ প্রস্তাব করা হয়েছে, তা জানা যায়নি। ২০২১ সালে স্তাদে দে ফ্রান্সের মূল্য ৭১ কোটি ২০ লাখ মার্কিন ডলার প্রাক্কলন করেছিল ফ্রান্স সরকার।
ফ্রান্সের ক্রীড়া দৈনিক লে’কিপ জানিয়েছে, ইউরোপীয় ফুটবলের কর্তৃপক্ষ উয়েফাও স্তাদে দে ফ্রান্স কিনতে চায়। সংস্থাটিকে প্রতি বছর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আয়োজন করতে হয় ভিন্ন ভিন্ন মাঠে। একটি স্টেডিয়াম কিনে নিলে সব বড় ম্যাচ সেখানে আয়োজনের পরিকল্পনা উয়েফার। এএফপি জানিয়েছে, এ বিষয়ে কোনো মন্তব্য করেনি উয়েফা।