প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৩ ২১:৩০ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৩ ২২:৫৬ পিএম
একটি চার দিনের ম্যাচ, পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফর করছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। দীর্ঘদিন পর যুবাদের এমন সফর দেখে নিজের উচ্ছ্বাসের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন সাবেক পাকিস্তান অধিনায়ক শহিদ আফ্রিদি। একই সঙ্গে দলকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি, যা জানাতে গিয়ে এক ভুল করে বসেছেন আফ্রিদি। পাকিস্তান যুবারা বাংলাদেশ সফর করলেও তিনি লিখেছেন জিম্বাবুয়ে সফরের কথা।
আরও পড়ুন : রোনালদোর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন জর্জিনা
টুইটারে যুবাদের শুভেচ্ছা জানিয়ে আফ্রিদি লিখেছেন, ‘আমাদের অনূর্ধ্ব-১৯ দল জিম্বাবুয়ে যাচ্ছে। ওদের জন্য শুভেচ্ছা রইল। এটি পাকিস্তান ক্রিকেট বোর্ডের দারুণ সিদ্ধান্ত। ভবিষ্যতে আরও এমন সফর হোক অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডে।’
তবে বাংলাদেশের জায়গায় জিম্বাবুয়ে লেখায় আফ্রিদির ভুল নিয়ে তৈরি হয়েছে হাস্যরস। অনেকেই আবার সেই ভুল শুধরেও দিচ্ছেন তাকে। ক্রিকেট ছাড়ার পর কয়েক মাস আগে পিসিবির অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচকের দায়িত্ব পান আফ্রিদি। পরে অবশ্য সরিয়েও দেওয়া হয় তাকে। আফ্রিদি প্রধান নির্বাচকের দায়িত্বে থাকাকালীন বাবর আজমকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন বলে খবর আছে।