প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩ ২০:৫২ পিএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৩ ২৩:১১ পিএম
মাঠের শত্রু অনভিজ্ঞ আয়ারল্যান্ড। অন্তত লাল বলের লড়াইয়ে তো সবে হাঁটিহাঁটি পা পা করছে আইরিশরা। সেই তাদের পেয়ে রীতিমতো ছেলে খেলা করছে শ্রীলঙ্কা। একে তো হোম কন্ডিশনের সুবিধা। তার ওপর লঙ্কানদের অভিজ্ঞতা। দুই মিলে ক্রিকেট অনুরাগীরা উপভোগ করল কেবল লঙ্কানদের ব্যাটিং দাপট।
আরও পড়ুন : লিটনবিহীন কলকাতার টানা দ্বিতীয় হার
দিমুথ করুনারত্নে ও কুশল মেন্ডিস রীতিমতো তুলোধুনো করেছেন প্রতিপক্ষের বোলারদের। দুজনেই হাঁকিয়েছেন সেঞ্চুরি। তাদের ব্যাটিং ঝলকে রান পাহাড়ে উঠে গেছে শ্রীলঙ্কা। প্রথম টেস্টের প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ৩৮৬ রানের বিশাল পুঁজি গড়ে ফেলেছে স্বাগতিকরা।
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে শুরুটা ভালোই ছিল শ্রীলঙ্কার। বিনা উইকেটে তুলে ফেলে ৬৪ রান। এরপরেই লঙ্কান ব্যাটিং লাইন-আপে আঘাত হানেন কার্টিস ক্যাম্পার। ফিরিয়ে দেন ২৯ রান করা ওপেনার নিশান মাদুশঙ্কাকে। তবে ক্রিজের অন্ত প্রান্ত ঠিকই আগলে রাখেন আরেক ওপেনার দিমুথ করুনারত্নে। তার সঙ্গে শক্ত হাতে ব্যাটিং দলের হাল ধরেন কুশল মেন্ডিস। দ্বিতীয় উইকেটে দুজনে মিলে ৩৫৬ বলে ২৮১ রানের পার্টনারশিপে গড়ে দেন শ্রীলঙ্কার হিমালয়সম সংগ্রহের ভিত্তি।
ডাবল সেঞ্চুরির হাতছানি ছিল ক্যাপ্টেন করুনারত্নের সামনে। কিন্তু দুর্ভাগ্য মিস করেছেন সুযোগটা। তবে ফেরার আগে ২৩৫ বলে ১৫ বাউন্ডারিতে খেলেন ১৭৯ রানের দাপুটে এক ইনিংস। কুশল মেন্ডিস সাজঘরের পথ ধরেন ১৪০ রানের দুরন্ত এক ইনিংস খেলে। ১৯৩ বলে ১৮ বাউন্ডারি ও এক ছক্কায় সাজান তিনি চমৎকার ইনিংসটি। আইরিশদের হয়ে একটি করে উইকেট নেন মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, বেন হোয়াইট ও জর্জ ডবরেল।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৩৮৬/৪ (করুনারত্নে ১৭৯, কুশল ১৪০, মাদুশঙ্কা ২৯, ক্যাম্পার ১/৪৪ ও ডকরেল ১/৫৬ ও অ্যাডায়ার ১/৬৬)।
*প্রথম দিন শেষে