প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৩ ২২:৫৯ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৩ ২৩:১৩ পিএম
দুই হাত খুলে খরচ করছে সৌদি আরবের ক্লাবগুলো। লক্ষ্য কাঁড়ি কাঁড়ি অর্থ খরচ করে বিদেশি খেলোয়াড় টানা এবং নিজেদের লিগকে অন্যতম সেরা পর্যায়ে নিয়ে যাওয়া। সেই লক্ষ্যে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর আকাশছোঁয়া দামে দলে ভিড়িয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে। পর্তুগিজ মহাতারকারও দ্বিগুণ দামে লিওনেল মেসিকে আনতে চায় নগর প্রতিদ্বন্দ্বী আল হিলাল। প্রো লিগের ক্লাবগুলো পাখির চোখ করেছে আরও বড় কিছু নামকে।
আরও পড়ুন : নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন মেসি
ইএসপিএন জানিয়েছে, ইউরোপের শীর্ষ পাঁচ লিগের (ইংল্যান্ড, স্পেন, জার্মানি, ইতালি ও ফ্রান্স) বেশ কয়েকজন বড় তারকাকে কেনার পরিকল্পনা করছে সৌদি ক্লাবগুলো। পর্তুগিজ লিগেরও ফুটবলার আনতে চায় তারা। তালিকায় আছেন করিম বেনজেমা, লুকা মদ্রিচের মতো আরও অন্তত ৫০ তারকা ফুটবলার।
ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যমটি জানিয়েছে, পরিকল্পনার অংশ হিসেবে রিয়াল মাদ্রিদের বেনজেমা ও মদ্রিচ, লিভারপুলের রবার্তো ফিরমিনো এবং ম্যানচেস্টার সিটির ইকাই গুনদোগানকে আগেই প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও তাদের বেশিরভাগই প্রস্তাব প্রত্যাখ্যান করে ইউরোপে থেকে যেতে আগ্রহী।
ইএসপিএনকে সৌদি ক্রীড়া মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, বিশ্বের শীর্ষ ৫০ ফুটবলারকে নিয়ে আসার পেছনে রয়েছে সৌদি ফুটবলের উন্নত করার কারণ। আরব বিশ্বের সেরা লিগে নিজেদের বানানোর লক্ষ্য নিয়েই এগোচ্ছে তারা। যেন ফুটবলারদের সেখানে যাওয়ার ইচ্ছে হয় এবং ২০৩০ বিশ্বকাপের আয়োজক হতে সবার দৃষ্টি আকর্ষণ করতে পারে সৌদি আরব।