প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৩ ২১:০৪ পিএম
আপডেট : ১৪ এপ্রিল ২০২৩ ২১:২১ পিএম
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে ওঠা নিয়ে শঙ্কায় ছিল মোহামেডান। শাইনপুকুরকে ৫২ রানে হারিয়ে ওই কাজ আগেই নিশ্চিত করে রেখেছিল সাকিব আল হাসানের দল। অন্য ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও রূপগঞ্জ টাইগার্সের হারে এক ম্যাচ আগেই সুপার লিগ নিশ্চিত করেছে মোহামেডান। টানা পাঁচ জয়ে সুপার লিগে উঠল দলটি।
আরও পড়ুন : অনিয়মের দায়ে বাফুফে সাধারণ সম্পাদক সোহাগকে নিষিদ্ধ করল ফিফা
মোহামেডান-শাইনপুকুর
বিকেএসপিতে আগে ব্যাটিংয়ে নেমে ইমরুল কায়েসের ৬৯ রানে ভালো শুরু পায় মোহামেডান। টানা ব্যর্থতার বৃত্তে বন্দি থাকা সৌম্য সরকারকে এ ম্যাচের একাদশে রাখেনি দলটি। তার বদলি ছিলেন আব্দুল মজিদ। তিনিও অবশ্য বলার মতো কিছু করতে পারেননি। অবশ্য তিনে নামা মহিদুল ইসলাম অঙ্কনের ১২৫ রানের অপরাজিত সেঞ্চুরিতে ২৭৬ রানের সংগ্রহ পায় মোহামেডান। শাইনপুকুরের হয়ে মেহেদি হাসান রানা ও মাসুম খান টুটুল দুটি করে উইকেট নেন।
জবাবে শাইনপুকুরের খালিদ হাসান ও শুভম শর্মা হাফ সেঞ্চুরি করেন। তাদের ব্যাটে আসে যথাক্রমে ৫৬ ও ৬৬ রান। এই দুই ব্যাটার ছাড়া শাইনপুকুরের আর কোনো ব্যাটার অবশ্য বলার মতো কিছু করতে পারেননি। তাই তাদের আটকে যেতে হয় মাত্র ২২৪ রানে। মোহামেডানের হয়ে নাজমুল ইসলাম অপু ৪১ রানে নেন তিন উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
মোহামেডান- ২৭৬/৬ (অঙ্কন ১২৫, ইমরুল ৬৯, রানা ২/৫২)
শাইনপুকুর- ২২৪/১০ (শুভম ৬৬, খালিদ ৫৬, অপু ৩/৪১)
গাজী গ্রুপ-ব্রাদার্স ইউনিয়ন
মিরপুরে ৩০০ ছাড়ানো সংগ্রহের পরও গাজী গ্রুপ ম্যাচ জিততে পারেনি। তানজিদ হাসান তামিমের সেঞ্চুরিতে গাজী গ্রুপকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ব্রাদার্স। মেহেদি মারুফের সেঞ্চুরি ও ফরহাদ হোসেনের ৭০ রানে ভর করে ৩০৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায় গাজী গ্রুপ। ব্রাদার্সের হয়ে আরাফাত সানি জুনিয়র ৩ উইকেট নেন।
জবাবে তানজিদ হাসানের তামিমের সেঞ্চুরিতে জয় থেকে বঞ্চিত হয় গাজী। এক ওভার বাকি থাকতেই জয় নিশ্চিত করে দলটি। তামিম ১০৬ রানে আউট হন। টুর্নামেন্টে এই নিয়ে দ্বিতীয়বার সেঞ্চুরি পূর্ণ করলেন এই ক্রিকেটার। ডিপিএলে দারুণ ছন্দে আছেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর
গাজী গ্রুপ- ৩০৫/৭ (মারুফ ১০০*, ফরহাদ ৭০, আরাফাত ৩/৪৯)
ব্রাদার্স ইউনিয়ন- ৩১০/৫ (তামিম ১০৬, আনিসুল ৫৭, টিপু সুলতান ২/৪১)
ব্রাদার্স ৫ উইকেটে জয়ী
রূপগঞ্জ টাইগার্স- সিটি ক্লাব
সুপার লিগে ওঠার লড়াইয়ে ছিল রূপগঞ্জ টাইগার্স। গাজী গ্রুপের হারের দিনে ম্যাচ জিতলে সুপার লিগে ওঠার লড়াইয়ে এগিয়ে যেত দলটি। তবে সেটা হচ্ছে না। সিটি ক্লাবের কাছে ২ উইকেটে হেরেছে দলটি। ফতুল্লায় আগে ব্যাট করে ইমরানুজ্জামানের ৪৩ ছাড়া রূপগঞ্জের হয়ে বলার মতো রান করতে পারেননি কেউ। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান আসে শামীম পাটোয়ারীর ব্যাটে। এতেই ২৩১ রানের সংগ্রহ পায় রূপগঞ্জ টাইগার্স।
জবাবে ইনিংসের শেষ বলে জয় নিশ্চিত করে সিটি ক্লাব। দলটির হয়ে শাহরিয়ার কমল করেন ৬৯ রান। এ ছাড়াও রবিউল হক ৩২ ও ইরফান হোসেন করেন ৩১ রান। মূলত তাদের জুটিই সিটি ক্লাবের ম্যাচ জয় নিশ্চিত করে। রূপগঞ্জের হয়ে নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও নাঈম হাসান দুটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর-
রূপগঞ্জ টাইগার্স- ২৩১/৮ (ইমরানুজ্জামান ৪৩, শামীম ৩৭, রাফসান ২/১৯)
সিটি ক্লাব- ২৩২/৮ ( কমল ৬৯, রবিউল ৩২, নাসুম ২/৩২)