প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৩ ২১:২০ পিএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৩ ২১:৪১ পিএম
জুয়ার প্রমোশন করার কারণে ভারতের সৌরভ গাঙ্গুলি, রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভারতের বিহারের মুজাফফরপুরের দায়ের করা ওই মামলায় অন্যজন বলিউড তারকা আমির খান।
বিহারের জেলা কোর্টে দেশটির জনপ্রিয় চার তারকার বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেন তামান্না হাশমি নামের এক সমাজকর্মী। তার মতে, দেশের যুব সম্প্রদায়কে জুয়া খেলতে উৎসাহিত করছেন এই তারকারা। তাই তিনি তাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।
জনস্বার্থ মামলায় হাশমি বলেছেন, ‘দেশের যুব সম্প্রদায়কে ভুল পথে পরিচালিত করে জুয়া খেলতে উৎসাহিত করছেন তারা। বিভিন্ন আকর্ষণীয় পুরস্কারের লোভ দেখানো হচ্ছে। ফলে যুবকরা আরও বেশি জুয়া খেলার প্রতি আসক্ত হচ্ছে। বিভিন্ন গেমিং শোর মাধ্যমে এই পুরস্কারের লোভ দেখানোর কাজটি করে চলেছেন বেশ কিছু ক্রিকেটার ও অভিনেতা। এভাবে তরুণদের আইপিএলে দল বানানোর কাজ করতেও উৎসাহিত করা হচ্ছে। কেউ কেউ পুরস্কারও জিতছেন। এতে অনেকেই আরও বেশি জুয়ার প্রতি আকৃষ্ট হচ্ছে।’
আরও পড়ুন:
আইপিএলের মৌসুমে বেটিং সংস্থাগুলোর রমরমা অবস্থা দেখা যায়। বিভিন্ন ফ্যান্টাসি গেমিং অ্যাপের প্রমোশন করে থাকেন। ড্রিম ইলেভেন, মাই ১১ সার্কলের মতো বিভিন্ন গেমিং অ্যাপের প্রচারে তারকারা আসেন।
হাশমি নামের ওই সমাজকর্মীর আবেদনের ভিত্তিতে মামলার পরবর্তী শুনানি হবে ২২ এপ্রিল। আইপিএলের চলতি আসরে গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্ব সামলাচ্ছেন রোহিত শর্মা। সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের প্রধান সৌরভ গাঙ্গুলি আছেন দিল্লি ক্যাপিটালসের বোর্ড অব ক্রিকেট হিসেবে।