প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩ ১১:২৯ এএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৩ ১১:৪১ এএম
আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান। খেলছেন ঘরোয়া টুর্নামেন্ট ডিপিএলে। আন্তর্জাতিক ক্রিকেটে তার ছন্দের ওই ধারা নেই ঘরোয়া ক্রিকেটের মঞ্চে। যদিও তার প্রত্যাবর্তনে মোহামেডান পেয়েছে জয়ের স্বাদ। মোহামেডান জিতলেও ব্যক্তিগত পারফরম্যান্সে সাকিব হয়ে আছেন নিজের ছায়া হয়ে। ঐতিহ্যবাহী ক্লাবটির হয়ে তিন ম্যাচে তার ব্যাটে এসেছে মোটে ৬৮ রান। বোলিংয়ে শিকার মাত্র ৩ উইকেট।
আরও পড়ুন : বায়ার্নকে বিধ্বস্ত করে সেমিতে এক পা সিটির
আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টের আগে মৌসুমে প্রথমবার মোহামেডানের জার্সিতে মাঠে নামেন সাকিব। ওই ম্যাচে কোনো উইকেট পাননি, ব্যাট হাতে করেন মাত্র ৫ রান। দ্বিতীয় ম্যাচেও সাকিবের ছিল না বলার মতো সাফল্য। মাত্র ২৬ রান করেন আর বল হাতে তার শিকার ৩৬ রানে এক উইকেট। ফতুল্লায় গতকালের ম্যাচে সাকিব মাত্র ৩৭ রান করেন। সাকিবের মতো ব্যাটারের জন্য এই রান মোটেও বড় কোনো স্কোর নয়। বোলিংয়ে অবশ্য কাল ৩০ রানে দুই উইকেট শিকার করেন।
ডিপিএলের শীর্ষ ছয়ে থাকা একমাত্র শেখ জামালের বিপক্ষে খেলেন। বাকি দুই ম্যাচে অবশ্য বড় কোনো দল ছিল না। দ্বিতীয় ম্যাচে সিটি ক্লাব ও শেষ ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মাঠে নামেন। নামের ভারে এই দলগুলো পিছিয়ে ছিল। এই তিন ম্যাচেই মোহামেডান পায় কাঙ্ক্ষিত জয়। কিন্তু সাকিব করতে পারেননি প্রত্যাশামাফিক পারফরম্যান্স।
অথচ সাদা-কালোদের জার্সিতে মাঠে নামার আগে জাতীয় দলে সাকিব ছিলেন ছন্দময়। আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে ব্যাট-বলে ছিলেন উজ্জ্বল। জাতীয় দলের জার্সিতে শেষ ১৩ ম্যাচে ৪৪০ রানের পাশাপাশি সাকিবের উইকেট শিকার সংখ্যা ছিল ১৭। টি- টোয়েন্টিতে এখন বিশ্বে সবচেয়ে বেশি উইকেটের মালিকও সাকিব। ঘরোয়া ক্রিকেটে সাকিব অবশ্য সব সময় অনুজ্জ্বল নন। সর্বশেষ বিপিএলের ১৩ ম্যাচে তার রান ছিল ৩৭৫ ও সঙ্গে ১০ উইকেট।
-ডিপিএলে ফিরে সাকিবের এই ছায়া হয়ে যাওয়ার কারণ কী?
সাকিবের ব্যাটিং নিয়ে কিছুটা অসন্তুষ্টি থাকলেও বোলিং নিয়ে কোনো অভিযোগ নেই মোহামেডানের। দলটির কর্মকর্তা ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার সাজ্জাদ আহমেদ শিপন বলেন, ‘সাকিব শেষ দুই ম্যাচে উইকেটে থিতু হয়ে আউট হয়েছে। এটা ঠিক। তবে বোলিংয়ে ওই ঘাটতিটা পুষিয়ে দিচ্ছে।’ জাতীয় দলের যেই নিবেদনে খেলেন সেটা মোহামেডানের জার্সিতেও তাই আছে বলে মনে করেন শিপন, ‘সাকিব জাতীয় দলে যেই রকম মনোযোগী এখানেও সেই রকম। কোনো ধরনের অভিযোগের সুযোগ নেই।’
তিনি যোগ করেন, দলে সাকিবের অন্তর্ভুক্তি দলকে চাঙা করেছে। যার ফল টানা চার ম্যাচে জয় পেয়েছে মোহামেডান। বেঁচে আছে তাদের সুপার সিক্সে ওঠার আশা। এই নিয়ে সাজ্জাদ আহমেদ শিপনের ভাষ্য, ‘সাকিব দলে আসায় আমাদের ড্রেসিংরুমের পরিবেশটাই বদলে গেছে। সে সবার সঙ্গে কথা বলে। সবাইকে অনুপ্রাণিত করার চেষ্টা করে। তার এই মানসিকতা দলকে অনেকটাই বদলে দিয়েছে।’
তিন ম্যাচে সাকিব ব্যাট হাতে ভালো করতে না পারলেও পরের ম্যাচে তাকে নিয়ে আশাবাদী সাজ্জাদ। পাশাপাশি বোলিং ও ফিল্ডিং নিয়েও সন্তুষ্টি আছে তার কণ্ঠে। তিনি বলেন, ‘সাকিব তিনজনের কাজ একাই করে দেয়। তিন ম্যাচে ব্যাটিংয়ে ভালো করতে না পারলেও পরের ম্যাচগুলোতে ভালো করবে। এই বিশ্বাস আছে। সাকিব থাকলে দল অনেক বেশি চাঙা হয়ে যায়। সেটা আমাদের জন্য ইতিবাচক।’
লিগ পর্বের শেষ দুই ম্যাচে সাকিবের মোহামেডানকে কঠিন কোনো লড়াইয়ের মুখোমুখি হতে হবে না। অবনমনের শঙ্কায় থাকা শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও ঢাকা লিওপার্ডসের মুখোমুখি হবে তারা। ওই দুই ম্যাচে সাকিবের ব্যাটও জ্বলে উঠবে এমনটাই প্রত্যাশা মোহামেডান সমর্থকদের।
প্রতিপক্ষ রান বল বোলিং পারফরম্যান্স
শেখ জামাল ৫ ৯ ১০-১-৩১-০
সিটি ক্লাব ২৬ ১৬ ১০-১-৩৬-১
ব্রাদার্স ৩৭ ৪৫ ১০-৩-৩০-২