প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩ ১৬:৩৫ পিএম
আপডেট : ১০ এপ্রিল ২০২৩ ১৬:৫৩ পিএম
অবিশ্বাস্য বললেও ভুল হবে না! শেষ ৬ বলে মিলে গেল ২৯ রানের সমীকরণ। ইনিংসের শেষ ওভারটির প্রথম বল স্লোয়ার দেন জশ দয়াল। কোনোমতে ঠেলে দিয়ে এক রান নেন উমেশ যাদব। স্বীকৃত টি-টোয়েন্টিতে এত দিন যা ঘটেনি, সেটি পরের পাঁচ বলে ঘটিয়ে দিয়ে নায়কের আসনে বসেছেন কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিং। এক, দুই করে পাঁচ-পাঁচবার উড়িয়ে বল পাঠিয়েছেন সীমানাদড়ির ওপারে। গুজরাট টাইটানসের বিপক্ষে ২০৫ রানের লক্ষ্যে কলকাতা পেয়েছে ৩ উইকেটের অবিস্মরণীয় জয়।
এই ব্যাটটা তো আর আমার নয় এখন। এটা এবার থেকে রিঙ্কুর
অথচ এই পাঁচ ছক্কা কিংবা শেষ সাত বলে ছয় ছক্কা হাঁকানো রিঙ্কুর ব্যাটটি ছিল ধার করা। কার্যত অসম্ভবকে সম্ভব করে যখন বীরের বেশে ফিরছেন রিঙ্কু, তারও আগে থেকে তাকে নিয়ে বন্দনা। মাপা শটে বল সীমানাদড়ি ছাড়ানো রিঙ্কুর ব্যাটটি ছিল অধিনায়ক নীতিশ রানার। সেই ব্যাট দিয়ে আগে দুটি ম্যাচ খেলেছিলেন রানা।
আরও পড়ুন :
সামাজিক যোগাযোগমাধ্যমে কেকেআরের এক ভিডিওতে দেখা যায়, রানাকে প্রশ্ন করা হয় এটি কোন ব্যাট? উত্তরে তিনি বলেন, ‘এটা আমার ম্যাচ ব্যাট। আইপিএলের প্রথম দুটি ম্যাচ এই ব্যাট দিয়েই খেলেছি। পুরো ঘরোয়া টি-টোয়েন্টি মরসুম সৈয়দ মুস্তাক আলী এবং গত বছরের শেষ কয়েকটা ম্যাচ এই ব্যাটেই খেলেছি। আজ আমি ব্যাট বদল করেছিলাম। রিঙ্কু আমার কাছে ব্যাটটা খুঁজেছিল।’
রানা বলেছেন, ‘ব্যাটটা ওকে দেওয়ার খুব একটা ইচ্ছে ছিল না। কিন্তু ভেতর থেকে কেউ ব্যাটটা নিয়ে এসেছিল। তখনোই আমি বুঝতে পেরেছিলাম রিঙ্কু এই ব্যাটটাই নেবে। কারণ ব্যাটটা তুলনামূলক হালকা। এই ব্যাটটা তো আর আমার নয় এখন। এটা এবার থেকে রিঙ্কুর।’
গুজরাটের বিজয় শঙ্করের পর কলকাতার ভেঙ্কেটেশ আইয়ারের ঝড়, আইপিএলের চলতি আসরে রশিদ খানের প্রথম হ্যাটট্রিক এবং সবশেষে রিঙ্কু সিংয়ের ২১ বলের তাণ্ডব—আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের গতকালের ম্যাচটি নাটকীয়তা কম ছড়ায়নি। রঙ ছড়ানো ম্যাচটির সব আলো অবশ্য শেষ ওভারে কেড়ে নিয়েছেন ম্যাচের সেরা রিঙ্কু। কলকাতার এটি টানা দ্বিতীয় জয়, আসরের তিন ম্যাচেরও দ্বিতীয়।