প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩ ১৫:১৯ পিএম
আপডেট : ১০ এপ্রিল ২০২৩ ১৫:৫৩ পিএম
শেষ বলে ছক্কার রেকর্ড আছে ভূরিভূরি। শেষ ৫ বলে ছক্কা কি এতদিন ছিল! সেই অবিশ্বাস্য কাজটি করে রাতারাতি নায়ক বনে গেছেন রিঙ্কু সিং। গুজরাট টাইটানসের বিপক্ষে মিলিয়ে দিয়েছেন শেষ ৫ বলে ২৮ রানের সমীকরণ। তবে রিঙ্কুর অন্ধকার পেরিয়ে আলোয় পৌঁছনোর গল্প খানিকটা ভিন্ন।
ক্রিকেটের টানে মাঠে থেকে না গেলে হয়তো এই রিঙ্কুকে ক্রিকেট দুনিয়া চিনতই না। কার্যত ঝাড়ুদার হয়ে যাচ্ছিলেন আলিগড়ের ছেলে। রিঙ্কুর বাবা বাড়িতে বাড়িতে এলপিজি গ্যাস পৌঁছে দেওয়ার কাজ করেন। তার বড় ভাই চালান অটো। আর এক ভাই কোচিংয়ে পড়ান। অভাব যে বাড়ির নিত্য অতিথি, সেখানে যে স্বপ্নের আকাশে ওঠা তাতে আর আশ্চর্য কী! কিন্তু এ স্বপ্ন দেখতে গেলেও তো সাহসী হতে হয়। ক্লাস নাইনের বেশি পড়া হয়নি রিঙ্কুর। দিনভর ক্রিকেট খেলেই কাটত। যতটুকু আয় হতো, পরিবারের ধার শোধ করতেই কেটে যেত।
ভেবেছিলাম ২০ লাখ টাকায় কোনো একটা টিম কিনে নিতে পারে আমাকে। আমার দাম যে ৮০ লাখ হতে পারে, ভাবিইনি
২০১৮ সালেই বিবর্ণ গল্পটা ধীরে ধীরে বদলাতে শুরু করেছিল। ২০১৮ সালের নিলামে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে লড়াই করে ৮০ লাখ টাকায় নাইটরা কিনেছিল।
আরও পড়ুন :
পাঁচ বছর আগে রিঙ্কু বলেছিলেন, ‘ভেবেছিলাম ২০ লাখ টাকায় কোনো একটা টিম কিনে নিতে পারে আমাকে। আমার দাম যে ৮০ লাখ হতে পারে, ভাবিইনি। কেকেআর আমাকে নেওয়ার পর একটা বিষয়ই মাথায় এসেছিল, দাদার বিয়েতে কিছু টাকা দিতে পারব। বোনের বিয়ের জন্য কিছু টাকা রাখতে পারব। আর একটা ঠিকঠাক বাড়ি নেব। যেখানে থাকতে পারবে পরিবার।’
সেই রিঙ্কুর এবার সব হয়েছে। কলকাতার হয়ে আইপিএলে গতকাল রীতিমতো অসম্ভবকে সম্ভব করে গড়েছেন রেকর্ড, নিজেকে ইতিহাসও বানিয়ে ফেলেছেন। অথচ তার হয়তো একজীবন কেটে যেত ঝাড়ু হাতেই। ব্যাট হাতে এভাবে জশ দয়ালদের শাসন করা হতো না!