× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোনালদোর আরও এক রেকর্ড এখন মেসির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩ ০০:৩৪ এএম

আপডেট : ১০ এপ্রিল ২০২৩ ০০:৪০ এএম

রোনালদোর আরও এক রেকর্ড এখন মেসির

সময়টাই এমন, মাঠে নামলেই যেন একটা একটা করে রেকর্ড এসে পায়ে লুটিয়ে পড়ে লিওনেল মেসির। পিএসজি তারকা সবশেষ ম্যাচেও গড়েছেন রেকর্ড; তাও একটা নয়, দুটো।

আরও পড়ুন : আইপিএল খেলতে কলকাতায় লিটন

সেই মেসিকেই কি না পিএসজি সমর্থকরা তাদের সবশেষ ম্যাচে দুয়ো দিয়েছিলেন রীতিমতো। যদিও মেসির তাতে বয়েই গেছে; সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন সে ম্যাচ শেষেই। মুখে কিছুই বলেননি, দেখাননি প্রতিক্রিয়াও।

প্রতিক্রিয়া দেখালেন মাঠের খেলায়। দুয়োর জবাবটা যেন পারফরম্যান্স দিয়েই দিলেন। ওজিসি নিসের বিপক্ষে গোল করলেন, করালেন। পিএসজিকে জয়ের বন্দরে পৌঁছে দিলেন। তাতে কিছু রেকর্ড হলো উপরি পাওনা। 

ম্যাচের শুরু থেকে পিএসজিকে অবশ্য ছেড়ে কথা বলেনি নিস। তবে তাদের আক্রমণ পিএসজিকে তেমন বিপদেও ফেলতে পারেনি। পিএসজির অপেক্ষা শেষ হয় ২৬ মিনিটে। নুনো মেন্দেজের কাটব্যাক থেকে প্রথম স্পর্শেই বলটা নিসের জালে জড়ান মেসি।

সেই গোলেই রোনালদোর রেকর্ডটা নিজের করে নিলেন। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ গোলের রেকর্ডটা এতদিন ছিল পর্তুগিজ তারকার দখলে। তার ৭০১ গোলের রেকর্ডটা শনিবার রাতে টপকে গেলেন মেসি, পেয়ে গেলেন নিজের ৭০২ নম্বর গোলটা।

রোনালদোর চেয়ে ১০৫ ম্যাচ কম খেলে এই রেকর্ডটা নিজের করে নিয়েছেন মেসি। রোনালদোর ৭০১ গোল করতে যেখানে ৯৫১ ম্যাচ খেলতে হয়েছিল, আর্জেন্টাইন তারকা সেখানে এই রেকর্ড গড়ে ফেলেছেন ৮৪৬ ম্যাচেই।

সেই গোল হজমের পর নিস মরিয়া চেষ্টাই চালিয়েছে পিএসজির জালে বল জড়ানোর। কিন্তু পিএসজি গোলরক্ষক জিয়ানলুইগি দোন্নারুমা দেয়াল তুলে দাঁড়ালে সে চেষ্টা আর সফল হয়নি নিসের। পুরো ম্যাচে ৭টি সেভ দিয়ে পিএসজিকে রক্ষা করেছেন তিনি।

গোলরক্ষণে দোন্নরুমা, আর আক্রমণে মেসি। পিএসজি জিতেছে এই দুই রক্ষাকবচের জোরেই। ৭৬ মিনিটে যে গোলে ম্যাচের সব অনিশ্চয়তা কেটে গেল, সেটার জোগানও এসেছে মেসির পা থেকে। তার নেওয়া কর্নার থেকে গোল করেন সার্জিও রামোস। রামোসের সেই গোল আরও এক রেকর্ড গড়তে সহায়তা করে মেসিকে। রামোসের গোলের অ্যাসিস্টটা ছিল মেসির ক্লাব ক্যারিয়ারের ১০০০তম গোলে অবদান। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এমন রেকর্ড নেই আর কারও। 

সেই গোলেই ২-০ ব্যবধানের জয় নিশ্চিত হয়ে যায় পিএসজির। জিতে মাঠ ছাড়ে পিএসজি।

৩৫ বছর বয়সে এসেও ইউরোপীয় ফুটবলে দাপিয়ে বেড়াচ্ছেন মেসি। পিএসজির হয়ে এই মৌসুমে ৩৪ ম্যাচ খেলেছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১৯ গোল। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৭টি গোল। পিএসজি যে চলতি মৌসুমে লিগের শীর্ষে আছে, তাতে বড় অবদানই রেখেছেন আর্জেন্টাইন এই মহাতারকা।


ইউরোপীয় লিগে গোল

                                    গোল    ম্যাচ

ক্রিশ্চিয়ানো রোনালদো  ৭০১      ৯৫১

লিওনেল মেসি              ৭০২      ৮৪৬


মেসির ১০০০

                 গোল   অ্যাসিস্ট 

বার্সেলোনা  ৬৭২   ২৬৬  

পিএসজি    ৩০      ৩২

মোট           ৭০২    ২৯৮

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা