প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩ ২৩:২৬ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৩ ২৩:২৯ পিএম
বয়সের বাড়ে নেতিয়ে যান অনেকেই। রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা, লুকা মদ্রিচ ও টনি ক্রুসের বেলায় তা খাটে না। ন্যু ক্যাম্পে এল ক্লাসিকোতে সেটিরই প্রমাণ দিয়েছেন এই তিন তারকা। প্রতিশোধের ম্যাচে বেনজেমার হ্যাটট্রিকে তারুণ্যনির্ভর বার্সাকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে আনচেলত্তির বুড়ো দল। এই দলটিকে যে তিনি আগামীতেও রেখে দিতে চান শুক্রবার সেটিই জানিয়েছেন আনচেলত্তি।
আরও পড়ুন : ‘ভারতকে বিশ্বকাপ জেতাবেন সূর্যকুমার’
৩৭ পেরিয়ে গেছেন মদ্রিচ। ডিসেম্বরে ৩৫-এ পা দেবেন বেনজেমা। ক্রুসের বয়সটাও ৩৪ হতে চলেছে। এই অবস্থায় আগামী দলবদলে তাদের নিয়ে রিয়ালের ভাবনা জানতে চাওয়া হয়েছিল কোচের কাছে। দিনশেষে অভিজ্ঞতার মূল্য যে অমূল্য এবং পারফরম্যান্সই যে শেষ কথা, সেটিই জানিয়েছেন আনচেলত্তি। বলেন, ‘আমার মনে হয় তারা থেকে যাবে। বয়স দিয়ে ফুটবলারদের বিচার করতে হয় না। তারা মাঠে যা করে, তা দেখতে হয়। অনেকে হয়তো ভাবতে পারেন যে তরুণ কোনো ফুটবলারের মতো শারীরিক অবস্থা বা প্রাণশক্তি এই তিনজনের নেই। তবে ম্যাচ সামলানো ও ব্যবস্থাপনার ক্ষেত্রে এই তিনজনের যে অনন্য দক্ষতা, তা বিশ্বের কোনো বাজারে কিনতে পাবেন না। এসব অভিজ্ঞতার সঙ্গে আসে বয়স। বয়স অবশ্যই কিছু জিনিস কেড়ে নেয়, তবে তা অনেক কিছু ফিরিয়েও দেয়।’
ভবিষ্যতে কখনও বার্সেলোনার কোচ হতে চান কি না সেটি জানতে চাওয়া হয়েছিল আনচেলত্তির কাছে। উত্তরে তিনি বলেন, ‘বার্সেলোনার কোচ হওয়া অসম্ভব। আমি জাভির সঙ্গে নিজেকে অদলবদল করতে পারি না। বিশ্বসেরা ক্লাব রিয়াল মাদ্রিদের কোচ হতে পেরে আমি যথেষ্ট ভাগ্যবান। বার্সা ও জাভির জন্য আমার যথেষ্ট সম্মান আছে। কিন্তু আমি একটা জায়গায় আছি, যেখানে মানুষ আমাকে অনেক ভালোবাসে।’
লা লিগায় বার্সার চেয়ে ১২ পয়েন্টে পিছিয়ে রিয়াল। যদিও এখনও নিজেদের সম্ভাবনা শেষ হয়ে যায়নি বলে মনে করেন এই ইতালিয়ান কোচ, ‘আমরা মৌসুমটা ভালোভাবে শেষ করতে চাই। লা লিগায় আমরা অসুবিধাজনক অবস্থায় আছি, কারণ বার্সেলোনা খুব ভালো করছে। যদিও আমরা মনে করি, লিগে এখনও আমাদের সুযোগ আছে। যতক্ষণ না আমরা কাগজে–কলমে হেরে যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত লড়াই করে যাব। আমরা শিরোপার জন্য শেষ পর্যন্ত লড়ব।’ লা লিগার ম্যাচে শনিবার ভিয়ারিয়ালের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।