× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মালিকানা দিয়ে হলেও মেসিকে চায় মিয়ামি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩ ২২:৫৭ পিএম

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩ ২৩:০১ পিএম

মালিকানা দিয়ে হলেও মেসিকে চায় মিয়ামি

ফুটবলার পছন্দ হলেই ক্লাবগুলো নানান অফার দিতে থাকে। আর্থিকভাবে লোভনীয় প্রস্তাবে খেলোয়াড়দের ছিনিয়ে নিতে চায় সবাই। আর পছন্দের ফুটবলারটি যদি হন কোনো সুপারস্টার, তাহলে তো কথাই নেই। অভিনব সব প্রস্তাব নিয়ে হাজির হয় তার দুয়ারে। আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির বেলায়ও হচ্ছে তাই।

আরও পড়ুন : দিয়াবাতের হ্যাটট্রিক, মোহামেডানের গোল উৎসব

বিশ্বজয়ী মেসিকে দলে টানতে সৌদি ক্লাব আল হিলাল তো অবিশ্বাস্য অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব দিয়ে বসেছে। টাকার অঙ্কে সেটি ৪ হাজার কোটির অনেক বেশি। সঙ্গে মেসি ও তার পরিবারের জন্য রয়েছে আকর্ষণীয় সব অফার। তাদের খুশি রাখতে তারা সবকিছু করতে বা দিতে প্রস্তুত। 

ফুটবল মহাতারকা মেসিকে দলে টানতে উঠেপড়ে লেগেছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ক্লাব ইন্টার মিয়ামিও। মেসির জন্য রীতিমতো মালিকানার অংশীদারত্ব ছাড়তেও রাজি ডেভিড বেকহ্যামের ক্লাবটি! বিশাল অঙ্কের বেতন-বোনাস তো রয়েছেই। দরকার হলে মার্কিন ফুটবল লিগের ২৯ ক্লাব মিলে মেসিকে বেতন-ভাতা দেবে।

পিএসজিতে সময়টা এখন ভালো যাচ্ছে না মেসির। অলিম্পিক লিঁওর বিপক্ষে সর্বশেষ ম্যাচে পিএসজির হারের হতাশার সঙ্গে দর্শকদের দুয়ো হজম করেছেন তারকা এ স্ট্রাইকার। থিয়েরি অঁরির মতো অনেক সাবেক তারকা ফুটবলার এখন মেসিকে প্যারিস ছাড়তে বলছেন। পরামর্শ দিচ্ছেন বার্সেলোনায় যেতে। 

এদিকে ফরাসি চ্যাম্পিয়ন ক্লাবের সঙ্গে মেসির চুক্তির মেয়াদও শেষ হয়ে যাবে আগামী জুনে। কিন্তু মেসির সঙ্গে নতুন চুক্তি নিয়ে পিএসজির আলোচনার এখনও কোনো অগ্রগতি নেই। কিলিয়ান এমবাপের চেয়ে কম বেতন পান মেসি। এটা মানতে নারাজ আর্জেন্টাইন মেগাস্টার। অন্য ঝামেলা তো রয়েছেই। পিএসজিতে মেসি নতুন চুক্তি করতে চান দুই মৌসুমের জন্য। কিন্তু প্যারিসের জায়ান্ট ক্লাবটি তাকে চায় এক বছরের জন্য। এখানেই আটকে আছে আলোচনা।

যে কারণে মেসির পিএসজি ছাড়ার উড়ো খবর উড়ে বেড়াচ্ছে গণমাধ্যমের আকাশে। এই সুযোগটাই নিতে যাচ্ছে ইউরোপ, এশিয়া ও আমেরিকার ক্লাবগুলো। অন্যদিকে ঘরের ছেলেকে ঘরে ফেরাতে আদাজল খেয়ে নেমেছে বার্সেলোনাও। বড় অঙ্কের বেতন হয়তো দিতে পারবে না। বুঝিয়ে-শুনিয়ে তাকে দলে ভেড়াতে চায় কাতালান ক্লাবটি। এখন মেসি ন্যু ক্যাম্পে ফিরলে সেটা কেবল আবেগ আর ভালোবাসার টানেই ফিরবেন।

ইউরোপের গণমাধ্যমের খবর, ২০২৪ কোপা আমেরিকা পর্যন্ত ইউরোপেই থাকতে চান মেসি। জিততে চান চ্যাম্পিয়নস লিগ ট্রফি। সেটা হতে পারে পিএসজি বা বার্সা বা অন্য কোনো ক্লাবের হয়ে। শেষমেশ মেসি কোনো ক্লাবে পাড়ি জমাবেন নাকি প্যারিসেই থেকে যাবেন- উত্তরটা জানার জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে ভক্ত-অনুরাগীদের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা