× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিয়াবাতের হ্যাটট্রিক, মোহামেডানের গোল উৎসব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩ ২২:৪২ পিএম

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩ ২২:৪৫ পিএম

দিয়াবাতের হ্যাটট্রিক, মোহামেডানের গোল উৎসব

জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের প্রথম পর্বটা শেষ করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। রহমতগঞ্জের বিপক্ষে সে জয়ের ধারাটা দ্বিতীয় পর্বের শুরুতেও ধরে রাখল দলটি। তবে এবার মোহামেডান আরও বেশি অদম্য, অপ্রতিরোধ্য। সুলেমান দিয়াবাতের হ্যাটট্রিকে মুক্তিযোদ্ধা সংসদকে উড়িয়ে দিয়েছে ৬-১ গোলে।

আরও পড়ুন : একপেশে ম্যাচে এভারটনকে হারিয়ে তিনে ম্যানইউ

এই মুক্তিযোদ্ধা সংসদকে হারিয়েই এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু করেছিল মোহামেডান। তবে সেই জয়ের পর থেকে আকাশি-সাদারা যেন উল্টোরথেই চলেছে প্রথম পর্বে। ১০ ম্যাচে দলটির ঝুলিতে জমা পড়েছে মোটে ১২ পয়েন্ট। সেই জয়ের পর ৯ ম্যাচে ৯ পয়েন্টই কেবল অর্জন করতে পেরেছিল ক্লাবটি। 

তাতে লিগেও সাদা-কালোদের অবস্থান ছিল তথৈবচ। প্রথম পর্ব শেষে তাদের অবস্থান দাঁড়ায় ষষ্ঠ স্থানে। দলের এমন পারফরম্যান্সে মাঝ মৌসুমে দলের কোচও বদলে ফেলে দলটি। গেল মাসের শুরুতে সাবেক তারকা ফুটবলার আলফাজ আহমেদকে আনা হয় কোচের দায়িত্বে।

নতুন কোচের অধীনে এসেই যেন বদলে গেছে মোহামেডান। মুক্তিযোদ্ধার বিপক্ষে দারুণ জয় সাক্ষ্য দিচ্ছে সেই কথার পক্ষেই।

শুরুটা অবশ্য তেমন বলছিল না। অষ্টম মিনিটেই হজম করে বসে গোল। আতিকুজ্জামানের সেই গোলের পরই যেন ঘুম ভাঙে মোহামেডানের। ২২ মিনিটে সমতা ফেরায় দলটি। শেষ কয়েক বছরে যিনি দলটির সবচেয়ে বড় ভরসার নাম, সেই সুলেমান দিয়াবাতেই সমতায় ফেরান তাদের। এগিয়ে যেতেও খুব বেশি সময় নিল না সাদা-কালোরা। ৩৬ মিনিটে সেই দিয়াবাতের গোল, এবার বক্সের একটু বাইরে থেকে করে বসলেন গোলটা। ৪২ মিনিটে ম্যাচের সব অনিশ্চয়তাই দূর করে দেন মুজাফফর মুজাফফরভ। ৪০ গজ দূর থেকে শট করে প্রতিপক্ষ রক্ষণ ও গোলরক্ষককে চমকে দেন তিনি। 

বিরতির পর মুক্তিযোদ্ধা সংসদের দুর্দশা বেড়েছে আরও। ৫৬ মিনিটে দিয়াবাতে প্রতিপক্ষ বিপদসীমায় ফাউলের শিকার হলে পেনাল্টি পায় মোহামেডান। স্পটকিক থেকে সেই মালিয়ান ফরোয়ার্ডই করেন গোল। ৪-১ গোলে এগিয়ে যায় মোহামেডান। আর দিয়াবাতে করেন চলতি লিগে তার দ্বিতীয় হ্যাটট্রিকটা। 

দিয়াবাতে গোলের দেখা পেতে পারতেন আরও। ৮৪ মিনিটে মুক্তিযোদ্ধার বক্সে সুযোগ পেয়েও তিনি বলটা ঠেলে দেন সতীর্থ সাজ্জাদ হোসেনকে। সেখান থেকে গোলটা করেই তিনি ছুট দেন অধিনায়কের কাছে, উদযাপনটা করেন তার সঙ্গেই। এর আগে ৬৯ মিনিটে এমানুয়েল সানডেও বল জড়িয়েছেন মুক্তিযোদ্ধার জালে। যার ফলে মোহামেডান ম্যাচটা শেষ করে ৬-১ গোলের বিশাল ব্যবধানে জিতে। এই জয়ের ফলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ টেবিলের ছয় থেকে পাঁচে উঠে এলো মোহামেডান। ১১ ম্যাচে তাদের অর্জন ১৫ পয়েন্ট। 

দিনের অন্য ম্যাচে পুলিশ এফসির বিপক্ষে পিছিয়ে পড়েও শেখ রাসেল জয় তুলে নিয়েছে ৩-১ গোলে। ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দলটি আছে লিগের তৃতীয় স্থানে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা