প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩ ২১:১৫ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৩ ২২:৪৮ পিএম
একে তো প্রতিপক্ষ এভারটন। তার ওপর খেলা হলো ওল্ড ট্রাফোর্ডে। স্বাভাবিকভাবে একপেশে লড়াইটা হেসে-খেলেই জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্বল প্রতিদ্বন্দ্বী এভারটনকে ২-০ গোলে ধরাশায়ী করেছে ম্যানইউ। দাপুটে এ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষ চারে নিজেদের অবস্থানটা আরও পোক্ত করল রেড ডেভিলরা। উঠে গেছে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে। আর ম্যাচ হারায় অবনমনের ঝক্কিটা আরও বেড়ে গেল এভারটনের।
আরও পড়ুন : পাকিস্তানের নতুন কোচ গ্রান্ট ব্রাডবার্ন
নিজেদের মাঠে আধিপত্য বিস্তার করেই খেলতে থাকে ম্যানইউ। তবে গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিকরা। শেষে ৩৬তম মিনিটে ভাঙে ম্যাচের ডেড লক। সানচোর অ্যাসিস্টে অতিথি এভারটনের জালে বল জড়ান স্কট ম্যাকটোমিনে। প্রথমার্ধের প্রভাব-প্রতিপত্তিটা বিরতির পরও ধরে রাখে ম্যানইউ। ৭১তম মিনিটে জয়ের ব্যবধান দ্বিগুণ করেন অ্যান্থনি মার্শাল। ডিসেম্বরের পর এবারই প্রথম গোলের দেখা পেলেন ফরাসি এ ফুটবলার।
কোচ এরিক টেন হাগের শিষ্যরা এভারটনকে নিয়ে ছেলে-খেলা করতে পারত। করতে পারত গোল উৎসবও। ম্যানইউয়ের সামনে সুযোগও এসেছিল। কিন্তু প্রতিপক্ষের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড অসাধারণ কিছু সেভ করায় ব্যবধানটা বড় হয়নি। তার সঙ্গে অ্যারন ওয়ান-বিসাকা ফাঁকা গোলপোস্ট পেয়ে জালে বল জড়াতে পারেননি। অ্যান্থনির একটি শট তো পোস্টে লেগে ফিরে আসে।
তবে স্বাগতিকদের জন্য খারাপ খবরও আছে। চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মার্কাস রাশফোর্ডকে। টানেল নিয়ে খুব সাবধানে ফেরেন তিনি ড্রেসিংরুমে। তবে ভালো খবরও আছে দলের জন্য। বৃহস্পতিবার সেভিয়ার বিপক্ষে ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনালের ম্যাচের আগে এই জয় দারুণ রসদ হয়ে কাজ করবে উজ্জীবিত ম্যানইউয়ের জন্য। তার সঙ্গে যোগ হয়েছে অ্যান্থনি মার্শালের ফেরা। গোঁড়ালির চোট কাটিয়ে আড়াই মাস পর মাঠের লড়াইয়ে ফিরেছেন ক্রিশ্চিয়ান এরিকসেনও। ঘরোয়া ফুটবলে ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার ক্যাসেমিরোর চার ম্যাচের নিষেধাজ্ঞাও শেষ হয়েছে।