প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩ ২৩:০৪ পিএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৩ ২৩:০৭ পিএম
গত মৌসুমটা স্বপ্নের মতো কাটিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। জিতেছে ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট চ্যাম্পিয়নস লিগ ট্রফি। এ ছাড়া উয়েফা আয়োজিত অন্য টুর্নামেন্টগুলোতেও রিয়ালের পারফরম্যান্স ছিল নজরকাড়া। যার উপহারও মিলেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার কাছ থেকে।
আরও পড়ুন : আইপিএলে ক্যারিয়ার শেষ সাকিবের!
বৃহস্পতিবার প্রকাশিত হয় উয়েফা থেকে গত মৌসুমে ক্লাবগুলোর আয়ের তালিকা। যেখানে দেখা যায় উয়েফা আয়োজিত টুর্নামেন্ট থেকে সবচেয়ে বেশি আয় করেছে রিয়াল।
২০২১-২২ মৌসুমে ক্লাবটির আয় ১৩ কোটি ৩৭ লাখ ইউরো; বাংলাদেশি টাকায় যা ১ হাজার ৫৬৭ কোটি ৬২ লাখ টাকারও বেশি। মূলত চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগে অংশ নেওয়া ক্লাবগুলোকে মোট ২০০ কোটি ইউরো প্রাইজমানি থেকে এই অর্থ বণ্টন করেছে উয়েফা।
অর্থ বণ্টন করার ক্ষেত্রে গ্রুপ পর্বের আয়, জয়ের বোনাস, সম্প্রচার স্বত্বের ভাগ এবং উয়েফার টুর্নামেন্টে অতীত ফলের ওপর নির্ভর করে অতিরিক্ত অর্থ দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে ক্লাবগুলোর এই আয় হিসাব করা হয়েছে কিছু অনুমিতি মেনে। কেননা, উয়েফার হিসাব অনুযায়ী বড় ক্লাব ও ছোট ক্লাবগুলোর আয়ে তারতম্য রয়েছে।