শান্ত রিমন
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩ ২২:৩৩ পিএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৩ ২২:৩৮ পিএম
ফরাসি প্রেসিডেন্টি ইমানুয়েল মাখোঁর ইসলামবিদ্বেষী মন্তব্যের জেরে তখন ফুঁসছে পুরো মুসলিমবিশ্ব। এমন সময় খবর রটে, মুসলিমদের সমর্থন দিতে ফ্রান্স ফুটবলকে বিদায় জানিয়েছেন পল পগবা। চারদিকে তখন পগবাবন্দনা। পরে অবশ্য খবরটি মিথ্যা বলে নিজেই জানিয়েছেন ২০১৮ বিশ্বকাপজয়ী তারকা। ফুটবলকে বিদায় জানানোর পরিবর্তে হেঁটেছেন ভিন্নপথে। সেদিন মাখোঁকে নিয়ে কিছু না বলেও বলেছিলেন অনেক কথা। বিশ্বের কোটি ভক্তের সামনে এনেছিলেন ইসলামের সৌন্দর্যের দিকটি। মিডিয়ার কল্যাণে পরবর্তীকালে যেই শান্তির বার্তা পৌঁছে গিয়েছিল বিশ্বের প্রতিটি কোনায়। একজন মুসলিম হিসেবে এখানেই প্রাপ্তি খুঁজতে পারেন পগবা।
আরও পড়ুন : কেকেআর থেকে টাকা পাবেন না সাকিব
ফ্রান্সের হয়ে মাঠ মাতালেও পগবার শেকড় গিনিতে। দেশটির জাতীয় দলের হয়ে ফুটবল মাতাচ্ছেন তার বড় দুই যমজ ভাই ফ্লোরেনটিন পগবা ও ম্যাথিয়াস পগবা। তবে পল পগবার জন্ম ফ্রান্সে। এখানেই ফুটবলে দীক্ষা নিয়েছেন তিনি। মা মুসলিম হলেও ধর্মের ব্যাপারে শুরুতে বেশ উদাসীন ছিলেন পল পগবা। তবে সময়ের সঙ্গে বুঝতে শিখেছেন কিসে কল্যাণ। জেনেছেন নিজেকে। খুঁজে পেয়েছেন সত্তাকে। আর সেই পরিবর্তনে বড় ভূমিকা রেখেছেন তার সতীর্থ ও বন্ধুরা।
ব্রিটিশ দৈনিক দ্য টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে পগবা বলেন, ‘ইসলাম আমাকে বদলে দিয়েছে, জীবনের মানে বুঝতে শিখিয়েছে। এটি আমাকে মানসিক প্রশান্তি এনে দিয়েছে। আমার অনেক মুসলিম বন্ধু আছে। তাদের কারণেই এ পর্যন্ত এসেছি। তারা সব সময় এ ধর্ম নিয়ে কথা বলত। অনেক চিন্তাভাবনার পর এটা নিয়ে গবেষণার সিদ্ধান্ত নেই। পরে যা হওয়ার তাই হয়েছে।’
একটা লম্বা সময় পর্যন্ত ফ্রান্সের একটা বড় অংশ মুসলিমদের নিয়ে নেতিবাচক ধারণা পোষণ করত। এর জন্য মিডিয়াকে দায় দেন তিনি। তবে সেই সময়টা যে এখন বদলেছে সেটাও মনে করিয়ে দিয়েছেন পগবা, ‘বিশ্বে ইসলাম নিয়ে একটা ভ্রান্ত ধারণা ছিল। কিছু কুচক্রী মানুষ সেটি করছে। বিভিন্ন গণমাধ্যম এ নিয়ে ভুল তথ্য উপস্থাপন করছে। তবে প্রকৃত অর্থে ইসলাম সুন্দর ও শান্তির ধর্ম। দিনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ে পাপের জন্য স্রষ্টার কাছে ক্ষমা চাওয়া যায়। সবকিছুর জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানানো যায়। এ দুনিয়া পরীক্ষাগার। ভেতরে ইমানদারিত্ব থাকলে আপনি মৃত্যুর পরের জীবনের কথা ভাববেন, যা আপনাকে সঠিক পথে আনবে।’
ইসলামে শিক্ষা দেয়, সব মানুষকে গভীরভাবে সম্মান করতে হবে। তাতে তিনি মুসলিম হোন বা অন্য ধর্মের। পগবার মতে, একজন মুসলমানের উচিত জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সমান সম্মান প্রদর্শন করা। মাখোঁ ইস্যুতে কিছু না বলে অবসর ইস্যুতে বলেন, ‘আমার সম্পর্কে ১০০ শতাংশ ভিত্তিহীন খবর চারদিকে ছড়ানো হয়েছে। তাতে এমন জিনিস বলা হয়েছে, যা আমি কখনও বলিনি, ভাবিনি। তবে আমি সব ধরনের সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে। আমার ধর্ম শান্তি ও ভালোবাসার এবং এই ধর্মকে শ্রদ্ধা করতে হবে।’