প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩ ১৭:৫৬ পিএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৩ ১৮:১১ পিএম
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদিদের অনুপস্থিতিতে সুযোগ হয় ইমাদ ওয়াসিমের। দেড় বছর পর পাওয়া সুযোগ কাজেও লাগিয়েছেন এই অলরাউন্ডার। ২-১ ব্যবধানে সিরিজ হারলেও দ্বিতীয় ম্যাচে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। সঙ্গে তিন ম্যাচে ২৮.৫০ গড়ে ৪ উইকেট শিকার করেন। যার ফলটাও পেয়েছেন পরের সিরিজে। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে জায়গা হয়েছে তার। যদিও পূর্ণশক্তির দল হওয়ায় একাদশে সুযোগ পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। তবে বাদ পড়ার আগেই নির্বাচকদের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আরও পড়ুন: আইপিএলে বলপ্রতি আয় ৪৬ লাখ টাকা
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে পারফর্ম করলেও এরপর কোনো কারণ ছাড়াই দল থেকে বাদ পড়েন ইমাদ। এরপর বাংলাদেশ সফরের দলে থাকলেও ইমাদকে খেলানো হয়নি কোনো ম্যাচে। বাদ পড়েন ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের সিরিজের দল থেকেও। সেই ধারাবাহিকতায় সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও ডাকা হয়নি তাকে।
পরে অবশ্য সেটি নিয়ে নির্বাচকদের দিকে প্রশ্নও তুলেন তিনি। যদিও সেই প্রশ্নের উত্তর পাননি আজও। পরে পিএসএল মাতিয়ে ফের দলে জায়গা করে নেন ইমাদ। যদিও আবারও বাদ পড়তে পারেন বলে শঙ্কাও আছে। তবে এবার বাদ পড়লে ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবতে চান বলে স্থানীয় টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন ইমাদ।
ইমাদ বলেন, ‘গত দেড় বছর আমাকে জাতীয় দলের বাইরে রাখার কারণ তারা (নির্বাচকরা) কখনও বলেনি। এমনটি আর হতে দেব না। এবার তেমন কিছু হলে আমি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেব। আমি ক্যারিয়ারের এমন পর্যায়ে আছি যে আবার কোনো কারণ ছাড়াই আমাকে বাদ দেওয়া হলে আমাকে কোনো পদক্ষেপ নিতেই হবে।’