প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩ ২০:৫২ পিএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৩ ২২:১৪ পিএম
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রথম ম্যাচের দিন ভারতে পা রাখেন মুস্তাফিজুর রহমান। কয়েক ঘণ্টা আগে দলে যোগ দিয়েও খেলার সুযোগ পাননি তারকা এ পেসার। ভ্রমণ ধকলের জন্যই হয়তো প্লেয়িং একাদশে তাকে রাখেনি টিম ম্যানেজমেন্ট। এমন সান্ত্বনাই নিয়েছিল ভক্ত-সমর্থকরা।
আরও পড়ুন : ডিপিএলে বিজয়ের আরেকটি সেঞ্চুরি
কিন্তু দ্বিতীয় ম্যাচেও খেলার সুযোগ পাননি মুস্তাফিজ। আজও দিল্লি ক্যাপিটালসের একাদশে নাম নেই তার। এমনকি ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকাতেও নেই ফিজ। প্রথম ম্যাচে ক্যাপ্টেন ওয়ার্নারের সঙ্গে বাকি তিন বিদেশি ক্রিকেটার ছিলেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ, প্রোটিয়া ব্যাটার রাইলি রুশো ও উইন্ডিজ ব্যাটার রভম্যান পাওয়েল। রভম্যান পাওয়েলের পরিবর্তে আজ একাদশে রয়েছেন এনরিখ নর্কিয়া। অন্যদিকে চেতন সাকারিয়াকে বাইরে রেখে দিল্লি অভিষেক ম্যাচ খেলার সুযোগ করে দিয়েছে অভিষেক পোড়েলকে।
টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার দল গুজরাট টাইটানস। তাই শুরুতে ব্যাট হাতে মাঠে নেমেছে মুস্তাফিজহীন দিল্লি। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কাছে ৫০ রানে হার মেনে মিশন শুরু করেছে দিল্লি। তাই আজ তাদের ঘুরে দাঁড়ানোর মিশন। কিন্তু সেই মিশনে নেই মুস্তাফিজ। দিল্লির ম্যাচ মানেই মুস্তাফিজ ভক্তের আনন্দের দিন। প্রিয় ক্রিকেটারের বোলিং ঝড় দেখার জন্য মুখিয়ে থাকেন সবাই। কিন্তু সেই মুস্তাফিজ দলে জায়গা না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন বাংলাদেশের ক্রিকেট অনুরাগীরা।
দিল্লির একাদশ : পৃথ্বি শ, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মিচেল মার্শ, সরফরাজ খান, রাইলি রুশো, আমান হাকিম খান, অক্ষর প্যাটেল, অভিষেক পোড়েল, কুলদ্বীপ যাদব, এনরিখ নর্কিয়া ও মুকেশ কুমার।
ইমপ্যাক্ট খেলোয়াড় : ললিত যাদব, রভম্যান পাওয়েল, চেতন সাকারিয়া, মনিশ পান্ডে ও খলিল আহমেদ।