× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা টেস্ট

স্পোর্টিং উইকেট, আক্রমণাত্মক ক্রিকেটের উত্তাপ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩ ০৭:৫০ এএম

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩ ০৭:৫৪ এএম

স্পোর্টিং উইকেট, আক্রমণাত্মক ক্রিকেটের উত্তাপ

মিরপুরের হোম অব ক্রিকেটের ‘বদনাম’ ভালো উইকেট না হওয়ার। পেসারদের জন্য সহায়তা নেই, ব্যাটাররা রান পান না। কত শত আলোচনা-সমালোচনা। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে এ সমালোচনা সম্ভবত শোনা যাবে না। অন্তত মেহেদি হাসান মিরাজের কথা এই বার্তা দিচ্ছে। আয়ারল্যান্ডের বিপক্ষে টাইগার শিবিরে থাকবে না ‘ঘরের সুবিধা’ নেওয়ার চেষ্টা। স্পোর্টিং উইকেটের চ্যালেঞ্জ থাকবে। স্পিনাররা পাবেন না ‘অতিরিক্ত’ সুবিধা। স্পিনারদের পাশাপাশি পেসার-ব্যাটারদের জন্যও থাকবে সমান সুবিধা। মোদ্দা কথা, আইরিশদের বিপক্ষে টেস্ট জিততে সবাইকে নিতে হবে চ্যালেঞ্জ।

আরও পড়ুন : আবাহনীর মুখোমুখি প্রাইম ব্যাংক

আইরিশদের বিপক্ষে মাঠে নামার আগে দুই দিন অনুশীলনের সুযোগ পায় বাংলাদেশ। প্রথম দিনে টেস্টের প্রথাগত অনুশীলনের পর হুট করেই বিগ শট ও আগ্রাসী ক্রিকেটের অনুশীলনে নিজেদের ঝালিয়ে নেয় বাংলাদেশ। তখনই ধারণা করা হচ্ছিল ‘বাজবল’ তত্ত্ব কাজে লাগাতে চায় টাইগাররা। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মিরাজ ওই তত্ত্বের গানই গেয়েছেন। আধুনিক ক্রিকেটের আক্রমণাত্মক পরিকল্পনা বাংলাদেশের আছে- সেই ধারণা দিয়েছেন, ‘আধুনিক ক্রিকেটে সব সংস্করণেই আক্রমণাত্মক ক্রিকেট খেলা হচ্ছে। টেস্ট ক্রিকেটও কিন্তু এখন বিশ্বে যেমন চলছে, আক্রমণাত্মক ভঙ্গিতেই খেলছে সবাই। আমরাও চেষ্টা করব অবশ্যই।’

আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারলে দলের জন্য ভালো হবে- সেটাও অবশ্য পরিষ্কার মিরাজের কণ্ঠে। দিনশেষে বিষয়টি উইকেটের ওপরও নির্ভর করবে- সেটা ভুলে যাননি তিনি। বলেন, ‘আমরা যদি আক্রমণাত্মক খেলতে পারি, তাহলে তো ভালো। দিনশেষে রান করাটা গুরুত্বপূর্ণ। আমরা যদি ১০০ ওভারে ৩৫০-৪০০ রান করতে পারি, তাহলে তো ভালো। দলের জন্যও ভালো, খেলোয়াড়দের জন্যও। এটি উইকেটের ওপর নির্ভর করে। কেমন বোলিং হচ্ছে তাও দেখতে হবে।’

তিনি আরও যোগ করেন, ‘দিনশেষে মানসিকতাটা গুরুত্বপূর্ণ। বিশ্বে আক্রমণাত্মক ক্রিকেটটা গুরুত্বপূর্ণ। কীভাবে খেলছি সেটি গুরুত্বপূর্ণ, মানিয়ে নেওয়াটাও ভীষণ জরুরি।’

চলতি বছরে এটি বাংলাদেশের প্রথম টেস্ট। গত বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিল। তিন মাসের বিরতির পর যখন টেস্ট খেলতে নামছে তখন মিরাজের চিন্তায় ফরম্যাট বদলের চেয়ে পারফর্ম করাটাই জরুরি। এরপরও কৌশলগত পরিবর্তনের বিষয়গুলো ঠিক থাকবে সেটা নিশ্চিত করেছেন- ‘সাদা বল থেকে লাল বলে আসব যেহেতু, ছোট ছোট যে কৌশলগত ব্যাপারগুলো আছে, সেগুলো তো বদলাতে হবেই। আর মানসিকতা একই থাকতে হবে। দিনশেষে রান করাটা গুরুত্বপূর্ণ- সাদা বল, লাল বলে কিছু যায় আসে না। আপনি রান করছেন কি না। একটা খেলোয়াড় রান করছে কি না, উইকেট পাচ্ছে কি না, সেটি গুরুত্বপূর্ণ।’

ফরম্যাট বদলের বাস্তবতা মিরাজ এড়িয়ে যেতে চাইলেও তা পারছেন না। পেশাদার বলেই দ্রুত মানিয়ে নেওয়ার দিকে মনোযোগী- ‘দ্রুত মানিয়ে নেওয়া আমাদের কাজ। খুব তাড়াতাড়ি ভিন্ন সংস্করণে খেলতে হয়। সেই মানিয়ে নেওয়া পারি আমরা।’

আক্রমণাত্মক ক্রিকেটের পাশাপাশি স্পোর্টিং উইকেটে নজর আছে বাংলাদেশের। ওয়ানডে ও টি-টোয়েন্টির পর টেস্টেও বাংলাদেশের ভরসা হতে পারেন পেসাররা। সেজন্য স্পোর্টিং উইকেটে খেলার চেষ্টা থাকবে। স্পোর্টিং উইকেট বলে টেস্টে প্রথাগত এক বা দুই পেসার নয়, বাংলাদেশ একাদশে থাকতে পারে তিন পেসার। সেটা অবশ্য নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের ওপর।

গতকাল সংবাদ সম্মেলনে মিরাজ একাদশে পেসার বাড়ার একটু ইঙ্গিত দিয়েই রাখলেন, ‘উইকেট যেমন আছে, অবশ্যই পেসার বাড়ার সুযোগ থাকবে। টিম ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত নেবে।’ স্পোর্টিং উইকেট থাকবে, এই ইঙ্গিতটাও এসেছে মিরাজের কাছ থেকেই, ‘যেহেতু ঘরের মাঠে খেলা, আমরা স্পিনাররা এখানে ভালো করি। কিন্তু সুযোগ পেসারদেরও থাকবে। উইকেটটা আমরা দেখেছি। ভালো উইকেট করার চেষ্টা করা হয়েছে যেন সবাই ভালো করতে পারে।’

কেন স্পোর্টিং উইকেটের তত্ত্বে যাচ্ছে বাংলাদেশ? সেই প্রশ্নের উত্তরের পাশাপাশি জানিয়ে দেন দল গড়া হচ্ছে ওই চিন্তা থেকেই, ‘যেন আমরা সত্যিকারের টেস্ট ক্রিকেটটা খেলতে পারি। পেস বোলিং, স্পিন বোলিং- সবদিক ব্যালেন্স করেই দল সাজানো হচ্ছে।’

২০২২ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাউন্ট মঙ্গানুই টেস্টে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন পেসাররা। তখন থেকেই বেড়েছে পেসারদের গুরুত্ব। প্রতিপক্ষকে মানসিকভাবে বিধ্বস্ত করতে পেসারদের ওপরই ভরসা রাখতে চায় টিম ম্যানেজমেন্ট- ‘টেস্টে পেসারদের ভূমিকা গুরুত্বপূর্ণ। পেসাররা যদি শুরুর দিকে ২-৩টি উইকেট এনে দিতে পারে, তাহলে প্রতিপক্ষ মানসিকভাবে কিছুটা ভেঙে পড়ে। এখন আমাদের পেসাররাও অনেক ভালো, বিশ্বমানের। তারা নিশ্চয়ই চেষ্টা করবে ভালো করার।’ মন্তব্যটা মিরাজের।

আইরিশদের বিপক্ষে বাংলাদেশ জয়ের বিকল্প কিছু ভাবছে না, সেটাও পরিষ্কার মিরাজের ভাষ্যে, ‘আয়ারল্যান্ড অনেক বেশি ম্যাচ খেলেনি, অভিজ্ঞতায় পিছিয়ে। সেই তুলনায় আমরা একটু অভিজ্ঞ। চেষ্টা থাকবে সামর্থ্যের ব্যবধান যাতে বড় থাকে। তবে জয় তো ১ রানেও হয়, প্রথম চেষ্টা থাকবে জেতা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা