প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩ ১৯:১৯ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৩ ১৯:৩৩ পিএম
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে ইনজুরির কারণে খেলতে পারছেন না পেসার তাসকিন আহমেদ। তার ছিটকে যাওয়ার দিনে ওপেনার তামিম ইকবালকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ছেলের অসুস্থতার কারণে ঢাকা টেস্টে তিনি খেলবেন কি না, সেটা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
সোমবার (৩ এপ্রিল) মিরপুরে অনুশীলন করেন তামিম ইকবাল। দুপুরে তামিমের পারিবারিক সমস্যার কথা জানান বিসিবির ক্রিকেট অপারেশনস পরিচালক জালাল ইউনুস। তিনি বলেন, ‘তামিম ইকবালের পরিবারে তার ছেলে খুব অসুস্থ। তাকে নিয়ে সে ব্যস্ত আছে। শেষ মুহূর্তে সে খেলবে কি না, আমি নিশ্চিত না। আশা করি হয়তো খেলবে।’
এর আগে ইনজুরির কারণে গ্রেড টুয়ের সাইড স্ট্রেইনের চোটে ঢাকা টেস্ট থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ। তার বদলি হিসেবে অনভিষিক্ত রেজাউর রহমান রাজাকে দলে ডেকেছে বিসিবি।