প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩ ২৩:১৬ পিএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৩ ২৩:২০ পিএম
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ষষ্ঠ রাউন্ডে জয় তুলে নিয়েছে আবাহনী। এনামুল হক বিজয়ের সেঞ্চুরিতে সহজ জয় পেয়েছে তারা। ঢাকা লিওপার্ডসের বিপক্ষে ৫৪ রানে জিতেছে তারা। এ ছাড়া সিটি ক্লাব ১ উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। অগ্রণী ব্যাংকের বিপক্ষে শাইনপুকুরের জয় ৮ উইকেটে।
আরও পড়ুন : উইলিয়ামসনের বদলে খেলবেন ‘ধারাভাষ্যকার’ স্মিথ!
আবাহনী-ঢাকা লিওপার্ডস
বিকেএসপির ৪ নম্বর মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে আবাহনীর হয়ে সেঞ্চুরি পান এনামুল হক বিজয়। এবারের আসরে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে সংখ্যাটা ১৭। বিজয়ের ১০৭ রানের ইনিংসের পর নাঈম শেখের ব্যাটে আসে ৫৭ রান। তাতেই ৬ উইকেটে ২৬৬ রানের সংগ্রহ পায় দলটি। এই সেঞ্চুরিতে ষষ্ঠ রাউন্ড শেষে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক বিজয়। লিওপার্ডসের হয়ে দেলওয়ার হোসেন ৪৫ রানে নেন ২ উইকেট।
জবাবে ৭ বল আগে ২১২ রানে অলআউট হয় লিওপার্ডস। দলটির হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন পিনাক ঘোষ। অধিনায়ক মঈন খান করেন দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান। আবাহনীর হয়ে পেসার রিপন মণ্ডল ও স্পিনার রকিবুল হাসান নেন তিনটি করে উইকেট। এতেই ৫৪ রানের জয় নিশ্চিত করে আবাহনী।
এই জয়ে টানা ৬ ম্যাচ জিতে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান সংহত করেছে আবাহনী। দুই নম্বরে থাকা লিজেন্ডস অব রূপগঞ্জও আবাহনীর সমান ৬ ম্যাচ জিতলেও রানরেটের ব্যবধানে পিছিয়ে আছে। এবারের মৌসুমে এখন পর্যন্ত এই দুটি দলই অপরাজিত আছে।
সংক্ষিপ্ত স্কোর
আবাহনী : ২৬৬/৬ (বিজয় ১০৭, নাঈম ৫৭, দেলওয়ার ২/৪৫)
ঢাকা লিওপার্ডস : ২১২/১০ (পিনাক ৬৮, মঈন ৩১, রকিবুল ৩/৩০)
ফল : আবাহনী ৫৪ রানে জয়ী
ব্রাদার্স ইউনিয়ন-সিটি ক্লাব
বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে ব্রাদার্স ইউনিয়নের শুরুটা ভালো ছিল না। ৬৯ রানে ৫ উইকেট হারানো ব্রাদার্সের হাল ধরনের দলটির বিদেশি ক্রিকেটার সাদ নাসিম। তার ৭৪ রানের পাশাপাশি ওপেনার তানজিদ হাসান তামিমের ব্যাটে আসে ৪২ রান। শেষদিকে আরাফাত সানির ৩১ রান ব্রাদার্সকে ২১৯ রানের সংগ্রহ এনে দেয়। যদিও ১৯ বল আগেই গুটিয়ে যায় তাদের ইনিংস। সিটি ক্লাবের হয়ে মোহাম্মদ আসিফ হাসান ও মোহাম্মদ ইরফান হোসেন তিনটি করে উইকেট নেন।
জবাবে ১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সিটি ক্লাব। ১ উইকেটের এই জয় পেতে বেশ বেগ পেতে হয় দলটিকে। সিটি ক্লাবের হয়ে তৌফিক খান তুষার ৪২, জয়রাজ শেখ ৩৪ ও রাফসান আল মাহমুদের ব্যাটে আসে ৩৫ রান। তাতেই জয় নিশ্চিত করে সিটি ক্লাব। ব্রাদার্সের হয়ে সাব্বির হোসেন ১৬ রানে নেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
ব্রাদার্স ইউনিয়ন : ২১৯/১০ (সাদ ৭৪, তানজিদ ৪২, আসিফ ৩/৩১)
সিটি ক্লাব : ২২২/৯ (তুষার ৪২, রাফসান ৩৫, সাব্বির ৩/১৬)
ফল : সিটি ক্লাব ১ উইকেটে জয়ী
অগ্রণী ব্যাংক-শাইনপুকুর
ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে লো স্কোরিং ম্যাচে আগে ব্যাটিংয়ে নামে অগ্রণী ব্যাংক। মোহাম্মদ নুরুজ্জামান ৩৮ ও মোহাম্মদ শরিফুল্লাহর ৩১ রান ছাড়া কেউ বলার মতো কিছু করতে পারেননি। ওপেনার আজমীর আহমেদ ২৭ রান করেন। তাদের সংগ্রহ দাঁড়ায় ১৬১ রান। শাইনপুকুরের হয়ে ফরহাদ রেজা ও হাসান মুরাদ ৪টি করে উইকেট নেন।
জবাবে ৩২ ওভার ৫ বলেই জয় নিশ্চিত করে শাইনপুকুর। ওপেনার মাহফিজুল ইসলাম ও জিসান আলমের উদ্বোধনী জুটিতে ৩৮ রান এলেও জয় পাওয়া কঠিন হয়নি। মাহফিজুলের ৬৯ রানের পাশাপাশি অমিত হাসানের ৩৬ ও প্রিয়াঙ্ক পঞ্চলের ২৬ রানে জয় পায় শাইনপুকুর। অগ্রণী ব্যাংকের জাহিদ জাভেদ ১ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
অগ্রণী ব্যাংক : ১৬১/১০ (নুরুজ্জামান ৩৮, শরিফুল্লাহ ৩১, মুরাদ ৪/২৭)
শাইনপুকুর : ১৬২/২ (মাহফিজুল ৬৯, অমিত ৩৬, জাহিদ ১/২৩)
ফল : শাইনপুকুর ৮ উইকেটে জয়ী