প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ মার্চ ২০২৩ ২৩:০২ পিএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৩ ১১:৫৩ এএম
প্রিয় ফুটবলার খেলার সুযোগ পাচ্ছেন না। এতে খুশি হওয়ার কোনো কারণ নেই ভক্তদের। ছেলে মাঠে নেই। স্বাভাবিকভাবেই বেজায় মন খারাপ বাবার। বার্সেলোনার মাঠের লড়াইয়ে বলতে গেলে ব্রাত্য হয়ে পড়েছেন আনসু ফাতি। তনয়ের ক্যারিয়ারের এ খারাপ সময়ে যারপরনাই ক্ষুব্ধ বাবা।
আরও পড়ুন : কোহলি বেচে দিয়েছেন শখের গাড়ি
চলতি মৌসুমে কাতালান ক্লাবে ছেলে ফাতিকে মূল্যায়ন করা হচ্ছে না। স্প্যানিশ রেডিও ‘কোপ’-এ এজন্য ক্ষোভ ঝেরেছেন বাবা। ন্যু ক্যাম্প শিবিরকে রীতিমতো হুমকি দিয়ে ফেলেছেন, ফাতি বার্সায় খেলার সুযোগ না পেলে স্প্যানিশ জায়ান্ট ক্লাব থেকে ছেলে ফাতিকে অন্য কোনো ক্লাবে নিয়ে যাবেন।
হুমকিটা মোটেই হজম করার মতো না বার্সার জন্য। তার প্রমাণটা দিয়েছেন ফাতি নিজেই। বাবার এমন হুমকিতে ক্লাবের সঙ্গে হতাশ ফাতি নিজেই। বার্সা এখন লা লিগার শীর্ষে। জাভির কোচিংয়ে ফাতি খেলেছেন ৩৮ ম্যাচ। এর মধ্যে ২৭টিতেই বদলি হিসেবে মাঠে নেমেছেন ২০ বছরের এ উদীয়মান ফরোয়ার্ড।