প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ মার্চ ২০২৩ ১৮:০৯ পিএম
আপডেট : ৩১ মার্চ ২০২৩ ১৮:১২ পিএম
আইপিএলের ১৬তম আসর সামনে রেখে ভারতে বসেছে তারার হাট। জমকালো আয়োজনের মধ্য দিয়ে আজ থেকে শুরু হচ্ছে আসরটি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এই আসরে দেশি-বিদেশি ক্রিকেটারদের মধ্যে জায়গা হয়েছে বাংলাদেশের তিন ক্রিকেটারেরও। সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানের সঙ্গে প্রথমবারের মতো আইপিএল খেলার সুযোগ হয়েছে লিটন দাসের। সাকিবের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মঞ্চ মাতাবেন লিটন। মুস্তাফিজ খেলবেন দিল্লির হয়ে। তাই দশ দলের আসর হলেও বাংলাদেশি আইপিএল সমর্থকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে কলকাতা ও দিল্লির ম্যাচগুলো।
সাকিব আল হাসান, কলকাতা নাইট রাইডার্স
২০২৩ আইপিএলের মিনি নিলামের একেবারে শেষ অংশে ভিত্তিমূল্য ১.৫ কোটি রুপিতেই সাকিবকে দলে টেনেছে কলকাতা। তবে আগেও কলকাতার হয়ে মঞ্চ মাতানোর অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশ অলরাউন্ডারের। মাঝে কিছু সময় মাঠ মাতিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। তবে পুরোনো ডেরা কলকাতাতেই ফিরেছেন আবারও। ব্যাটে-বলে দারুণ ছন্দেও রয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে ২৪ বলে ৩৮ রানের সঙ্গে বল হাতেও ২২ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন তিনি। দলকে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। দলটির নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ার চোটে পড়ায় গুঞ্জন ছিল সাকিবকে অধিনায়ক করার। যদিও শেষ পর্যন্ত হয়নি সেটি। তবে নিজের দিনে যেকোনো প্রতিপক্ষের জন্যই ভয়ংকর হয়ে উঠতে পারেন তিনি। আইপিএলেও বেশ সমৃদ্ধ ক্যারিয়ার তার। ৭১ ম্যাচে মাঠে নেমে ৫২ বার ব্যাট করার সুযোগ হয়েছে তার। যেখানে ১৯ গড়ে ৭৯৩ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১২৫ ছুঁইছুঁই। বল হাতে ৭০ ইনিংসে হাত ঘুরিয়ে শিকার করেছেন ৬৩ উইকেট।
আরও পড়ুন - আইপিএল মাঠে গড়াচ্ছে আজ
মুস্তাফিজুর রহমান, দিল্লি ক্যাপিটালস
২০১৬ সালে প্রথমবার আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ডাক পাওয়ার পর থেকেই আসরটিতে নিয়মিত খেলছেন মুস্তাফিজ। বর্তমানে খেলছেন দিল্লির হয়ে। দলটির নিয়মিত অধিনায়ক ঋষভ পন্ত চোটের কারণে আসরে খেলতে না পারায় দায়িত্ব সামলাবেন মুস্তাফিজের আগের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। মুস্তাফিজের কাছ থেকে সেরাটা আদায় করে নেওয়ার ব্যাপারে বেশ পারদর্শী এই অজি তারকা। আগের আসরগুলোতে সেটিই দেখা গিয়েছে। এবার তার অধীনে চেনা ছন্দে ফেরার সম্ভাবনা রয়েছে মুস্তাফিজের। যদিও সম্প্রতি বোলিংয়ে সময়টা ভালো যাচ্ছে না তার। তবে এখনও কাটারে ঘায়েল করতে পারেন প্রতিপক্ষের ব্যাটারদের। শেষদিকে ডেথ বোলিংয়ে এসে পার্থক্য গড়ে দিতে পারেন তিনি। আইপিএলে এখন পর্যন্ত ৪৬ ইনিংসে হাত ঘুরিয়ে ওভারপ্রতি ৭.৮ রান খরচ করে ৪৬ উইকেট নিয়েছেন তিনি। যেখানে তার ক্যারিয়ার সেরা বোলিং ১৬ রান খরচায় ৩ উইকেট।
লিটন কুমার দাস, কলকাতা নাইট রাইডার্স
সম্প্রতি দারুণ ছন্দে রয়েছেন লিটন। সেই সুবাধে প্রথমবার ডাক পেয়েছেন তিনি। যেভাবে প্রতিপক্ষের ব্যাটারদের তুলোধুনো করছেন তাতে কলকাতার শুরুর একাদশে তার না থাকার কোনো কারণ নেই। যদিও বিষয়টি ম্যানেজমেন্টের ওপর। তবে সুযোগ পেলে প্রতিপক্ষের বোলারদের যে ছাড়বেন না সেটা ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে বুঝিয়েছেন তিনি। কলকাতা আস্থা রাখতে পারে তার ব্যাটে। ইংল্যান্ডের বিপক্ষে ৭৩ রানের পর আয়ারল্যান্ডের বিপক্ষে ২০০+ স্ট্রাইক রেটে খেলেছেন ক্যারিয়ার সেরা ৮৩ রানের ইনিংস। এ ছাড়া পাওয়ার প্লেতে দ্রুত রান তোলার বিচারে এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটার লিটন। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর করা টি-টোয়েন্টিতে ৭০০ বল মোকাবিলার জরিপে লিটনের স্ট্রাইক রেট এখন সবচেয়ে বেশি অর্থাৎ ১৪২.৫৭। শীর্ষে উঠতে তিনি পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কককে।