প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ মার্চ ২০২৩ ১৬:৫০ পিএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৩ ১২:১০ পিএম
ক্রিকেট অনুরাগীদের অপেক্ষার প্রহর শেষ। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পর্দা উঠছে আইপিএলের। আহমেদাবাদের নরেন্দ্র মোদি আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হচ্ছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই ক্রিকেট টুর্নামেন্টের ষোলোতম আসর। ভারতের মাটিতে ক্রিকেট লড়াই শুরুর আগে মাঠে আলো ছড়াবেন বলিউডের তারকারা। এমন খবর ছড়িয়ে পড়েছে ভারতীয় গণমাধ্যমে।
ক্রিকেট মাঠে পারফর্ম করবেন রাশমিকা মান্ধানা, ক্যাটরিনা কাইফ, টাইগার শ্রফ ও তামান্না ভাটিয়ারা। নাচে-গানে মাতিয়ে রাখবেন দর্শকদের। যদিও উদ্বোধনী অনুষ্ঠানে তাদের অংশ এখনও নিশ্চিত নয়। পুরো বিষয়টা নিয়ে চলছে গুঞ্জন। তবে জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া ও জননন্দিত গায়ক অরিজিৎ সিং যে পারফর্ম করবেন তাতে কোনো সন্দেহ নেই। কেননা দুজনের নাম নিশ্চিত করেছে আইপিএল কর্তৃপক্ষ।
আরও পড়ুন- আইপিএল মাঠে গড়াচ্ছে আজ
ভারতের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। আইপিএল কর্তৃপক্ষ টুইটবার্তায় জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে ডান্স পারফরম্যান্সে দর্শকদের মুগ্ধ করবেন বাহুবলী সিনেমার নায়িকা তামান্না ভাটিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে তামান্নার সঙ্গে আর কারা পারফর্ম করবেন, তা নিয়ে এখনও জল্পনা-কল্পনা চলছে। অভিনেত্রী রাশমিকা মান্ধানা থাকার খবর ছড়িয়ে পড়েছে এরই মধ্যে। সেটা হলে প্রথমবারের মতো আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন পুষ্পা সিনেমার এ অভিনেত্রী। তামান্নার সঙ্গে আইপিএলের উদ্বোধনী মঞ্চ মাতাতে পারেন ক্যাটরিনা কাইফ ও টাইগার শ্রফ। সুরের মূর্ছনায় শ্রোতাদের মন ভুলিয়ে দিতে থাকবেন অরিজিৎ সিংও।
আইপিএলের এবারের আসর একটু স্পেশালই বটে। কারণ দীর্ঘ তিন বছর বিরতি দিয়ে আর্থিকভাবে লোভনীয় এ টি-টোয়েন্টি টুর্নামেন্ট ফিরছে হোম-অ্যাওয়ে সংস্করণে। প্রতিটি দল একে অপরের বিপক্ষে ঘরের মাঠ ও প্রতিপক্ষের মাঠে একটি করে ম্যাচ খেলবে। আজ প্রথম ম্যাচে গত আসরের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস লড়বে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে।