প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ মার্চ ২০২৩ ২০:০০ পিএম
আপডেট : ২৭ মার্চ ২০২৩ ২০:০০ পিএম
চোটে আইপিএল শুরুর আগেই ছিটকে গিয়েছে কলকাতা নাইট রাইডার্সদের নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তার জায়গায় নতুন করে নেতৃত্ব দেওয়া হয়েছে নীতীশ রানাকে। যদিও কলকাতার অধিনায়কের তালিকায় ছিল বেশ কিছু নাম। তবে সে পথে হাঁটেনি ফ্র্যাঞ্চাইজিটি। দিল্লির ছেলে নীতীশ রানার ওপরই আস্থা রেখেছে তারা।
আরও পড়ুন: বৃষ্টির ম্যাচে বাংলাদেশের জয়, সিরিজে লিড
সোমবার কেকেআরের এক টুইট বার্তায় শ্রেয়াসের বিষয়ে জানায়, ‘আমরা আশাবাদী, চলতি মরসুমে কোনও না কোনও সময়ে শ্রেয়াস হয়তো আমাদের দলের হয়ে খেলতে পারবেন।’
এর আগে আইপিএলে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা না থাকলেও সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ১২টি টি-টোয়েন্টি ম্যাচে দিল্লিকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে রানার। যেখানে তার জয় ৮ ম্যাচে। ২০১৮ সাল থেকে কলকাতার হয়ে মাঠ মাতাচ্ছেন রানা। এ সময়ে ৭৪ ম্যাচে ১৭৪৪ রান এসেছে তার ব্যাট থেকে। যেখানে তার স্ট্রাইকরেট ১৩৫.৬১।
নতুন অধিনায়ক রানাকে নিয়ে টুইই বার্তায় কেকেআর জানায়, ‘হোয়াইট-বল ক্রিকেটে রাজ্য দলের নেতৃত্ব এবং কেকেআর-এর সাথে আইপিএল খেলার অভিজ্ঞতা থাকায় আমরা রানাকে নেতৃত্ব দিতে পেরে খুশি। ২০১৮ সাল থেকে সে আমারদের সঙ্গে আছে। আমরা আত্মবিশ্বাসী যে প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং সাপোর্ট স্টাফদের অধীনে, রানা মাঠের বাইরে প্রয়োজনীয় সমর্থন পাবে। স্কোয়াডের অভিজ্ঞ ক্রিকেটাররা মাঠে তাকে সমস্ত সহায়তা প্রদান করবে। আমরা তাকে শুভ কামনা জানায়।’
আইপিএলের দল কেকেআরের হয়ে এবার মাঠ মাতাবেন দুই বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন দাশ। সাকিব আগেও কলকাতার হয়ে খেলেছেন। অন্যদিকে প্রথমবারের মতো আইপিএলে খেলার সুযোগ পেয়েছেন লিটন দাশ।