প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৩ ১৮:২৫ পিএম
আপডেট : ২৭ মার্চ ২০২৩ ১৯:৩৭ পিএম
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে ২২ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। বৃষ্টি আইনে আয়ারল্যান্ডের সামনে লক্ষ্য ছিল ১০৪ রান।
সোমবার (২৭ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেই লক্ষ্য নিয়েই শুরুতে ব্যাটিংয়ে রীতিমতো ঝড় তোলে আয়ারল্যান্ড। নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমানের শুরুর দুই ওভারেই জমে তাদের ৩১ রান। উপায় না দেখে তৃতীয় ওভারে হাসান মাহমুদকে আক্রমণে আনেন সাকিব। হাসান তার প্রথম ওভারেই সাফল্য পান। বোল্ড করেন আইরিশ ওপেনার রস আডোরকে। পেসার তাসকিন আহমেদও তার প্রথম ওভারেই চমক দেখান। তুলে নেন তিন উইকেট। প্রথম বলেই উইকেট শিকার করে আনন্দে মাতেন তাসকিন। বোল্ড করেন লোরকান টাকারকে। সেই ওভারের চতুর্থ বলে ডেঞ্জারম্যান পল স্টার্লিংকে বোল্ড করেন। ৮ বলে ১৭ রানে ফিরেন আয়ারল্যান্ড অধিনায়ক। পরের বলেই ডকরেলকে পয়েন্ট বাউন্ডারিতে ক্যাচ বানিয়ে ড্রেসিংরুমে ফেরত পাঠান।
৪ উইকেট হারালেও আয়ারল্যান্ড রান তোলার গতি ঠিকই রাখে। ৪ ওভার শেষে স্কোরবোর্ডে তাদের জমা ৪ উইকেটে ৪৪ রান। ওভার প্রতি রান জোগাড় ১০.৪৩। পরের চার ওভারে ৩৭ রান তোলে আইরিশরা। ফলে ২২ রান আগেই থামতে হয় তাদের।
এর আগে বাংলাদেশের শুরুটা উড়ন্ত! পাওয়ারপ্লেতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৮১ রান। আগের ৭৪ রানের রেকর্ড ভেঙে পাওয়ারপ্লেতে বাংলাদেশ তৈরি করে সর্বোচ্চ সংগ্রহ। ওই ধারাবাহিকতা ধরে রেখে ইনিংস শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ২০৭ রান।
সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরু থেকেই চড়াও হয়ে খেলতে শুরু করে। উদ্বোধনী জুটিতে লিটন দাস ও রনি তালুকদার তোলেন ৯১ রান। টি-টোয়েন্টির উদ্বোধনী জুটিতে এটা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। লিটন ৪৭ রানে ফিরলে ভাঙে এই জুটি।
লিটন না পারলেও রনি তালুকদার ঠিকই টি-টোয়েন্টিতে নিজের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। তার ব্যাটে আসে ৬৭ রান। ৩৮ বলে ৭ চার ও ৩ ছক্কায় এই ইনিংস খেলেন তিনি। লিটন-রনির দিনে নিজেকে মেলে ধরতে পারেননি নাজমুল হোসেন শান্ত। ১৩ বলে ১৪ রান করে ফেরেন তিনি।
দলীয় ১৭২ রানে ফেরেন শামীম পাটোয়ারী। ২০ বলে ৩০ রান করেন তিনি। শামীমের বিদায়ের পর মাঠে আসা সাকিব চার মেরে শুরু করলেও কিছুটা ধীর হয়ে পড়েন তিনি। অপর প্রান্তে থাকা তাওহিদ হৃদয় ৭ বলে ১৩ রান করেন।