প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ মার্চ ২০২৩ ১২:৩৪ পিএম
আপডেট : ২৭ মার্চ ২০২৩ ১২:৫৪ পিএম
ইউক্রেনের বিপক্ষে ফেভারিটের মতোই খেলল ইংল্যান্ড, ইউরোর বাছাইয়ে গ্যারেথ সাউথগেটের শিষ্যরা তুলল টানা দ্বিতীয় জয়। দুই দিন আগে ঘরের মাঠে ইতালিকে হারিয়ে ৬২ বছরের আক্ষেপ ঘোচানো হ্যারি কেনরা এদিন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে দিয়েছে ২-০ ব্যবধানের হার। বাছাইয়ের ‘সি’ গ্রুপে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে ইংল্যান্ড।
ওয়েম্বলি স্টেডিয়ামে ইউক্রেনের বিপক্ষে মাঠের খেলায় মোটেও সহানুভূতি দেখায়নি ইংলিশরা। ইতালির বিপক্ষে গোল করা কেইন ৩৭ মিনিটে ভাঙেন ডেড লক। দুর্দান্ত এক ভলিতে জাল কাঁপিয়েছেন ইংলিশদের অধিনায়ক। এটি তার ক্যারিয়ারে ইংল্যান্ড জার্সিতে ৫৫তম গোল। ৩ মিনিট পর ব্যবধান বাড়িয়ে নেন সাকা।
আরও পড়ুন : গোল উৎসবের রাতে রোনালদোর জোড়া গোল
বিরতির পর খোলস ছেড়ে বেরিয়ে আক্রমণে উঠতে চেষ্টা করেছে ইউক্রেন। তবে সেটি সফল হতে দেয়নি ইংলিশদের জমাট রক্ষণ। পুরো ম্যাচে লক্ষ্যবরাবর একটিও শট ছিল না। ৫৯ শতাংশ বল দখলে রেখে ইংলিশরা নিয়েছিলেন ১২টি শট, গোলমুখে ছিল ৭টি।
মাল্টাকে হারিয়ে ইতালির ফেরা
ইউরো বাছাইয়ের শুরুটা মোটেও নিজেদের পক্ষে ছিল না ইতালির। ইংলিশদের কাছে ২-১ গোলের ব্যবধানে হারার পর দ্বিতীয় ম্যাচে জয়ের ধারায় ফিরেছেন আজ্জুরিরা। সি গ্রুপে সহজ প্রতিপক্ষ মাল্টাকে ২-০ গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
প্রথমার্ধে গোল হয়েছে ২টি। ১৫ মিনিটে রেতেগুই ও ২৭ মিনিটে দ্বিতীয় গোলটি করেছেন পেসিনা। দুর্দান্ত জয়ে পূর্ণ ৩ পয়েন্ট তুলে টেবিলের ২ নম্বরে উঠেছে ইতালি। টানা দুই জয়ে শীর্ষে আছে ইংল্যান্ড।