প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ মার্চ ২০২৩ ১১:৫০ এএম
আপডেট : ২৭ মার্চ ২০২৩ ১২:০৫ পিএম
আশঙ্কা আগে থেকেই ছিল। আন্তোনিও কন্তের টটেনহ্যাম অধ্যায়ের সমাপ্তি নিয়ে গুঞ্জন কিংবা উড়ো কথাই শেষ পর্যন্ত সত্যি হলো। প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে ইতালিয়ান কোচের। স্পার্স ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, পারস্পরিক সমঝোতায় কন্তের সঙ্গে চুক্তি বাতিল করেছে তারা।
টটেনহ্যাম বলেছে, ‘পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আমাদের ক্লাব কন্তেকে ছেড়ে দিয়েছে। কন্তের অধীনে প্রথম মৌসুমে আমরা চ্যাম্পিয়নস লিগ বাছাই উতরে যেতে পেরেছি। তার এ অবদানের জন্য ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতের জন্য শুভকামনা।’
আরও পড়ুন : গোল উৎসবের রাতে রোনালদোর জোড়া গোল
টটেনহ্যামের সঙ্গে সব মিলিয়ে সম্পর্কটা ভালো যাচ্ছিল না কন্তের। গত সপ্তাহে সাউদাম্পটনের সঙ্গে ৩-৩ গোলে ড্রয়ের পর খেলোয়াড়দের বাজেভাবে সমালোচনা করেছিলেন। নিজ দলের খেলোয়াড়দের ‘স্বার্থপর’ বলতেও দ্বিধা করেননি। তখনই তার টটেনহ্যাম অধ্যায়ের শেষ দেখেছিলেন অনেকে। এক সপ্তাহ পর সেই আশঙ্কা সত্যি হলো।
‘পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আমাদের ক্লাব কন্তেকে ছেড়ে দিয়েছে। কন্তের অধীনে প্রথম মৌসুমে আমরা চ্যাম্পিয়নস লিগ বাছাই উতরে যেতে পেরেছি। তার এ অবদানের জন্য ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতের জন্য শুভকামনা।’
কন্তে চলে যাওয়ায় এখন চার বছরে চতুর্থবারের মতো স্থায়ী কোচের সন্ধানে নামবে টটেনহ্যাম। ২০১৯ সালে মাউরিসিও পচেত্তিনোর বিদায়ের পর থেকে তারা দীর্ঘ মেয়াদে কোনো কোচকে ধরে রাখতে পারেনি। আপাতত কন্তের সহকারী কোচ ক্রিস্টিয়ান স্টেলানি হ্যারি কেন-সঙ হিউ মিনদের দায়িত্ব সামলাবেন। সঙ্গে থাকবেন সাবেক স্পার মিডফিল্ডার রায়ান ম্যাসন।