প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৩ ১১:৩২ এএম
আপডেট : ২৭ মার্চ ২০২৩ ১১:৫৩ এএম
অভিষেকের পর থেকে রীতিমতো টি-টোয়েন্টি দলের অবিচ্ছেদ্য অংশই হয়ে গিয়েছিলেন আফিফ হোসেন। টানা ৬১ টি-টোয়েন্টিতে খেলেছেন, গড়েছেন বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে টানা খেলার রেকর্ড। তবে চন্ডিকা হাথুরুসিংহের আগমনের পরই তার জায়গা নিয়ে উঠে গেছে প্রশ্ন। দ্বিতীয় সিরিজেই হারিয়েছেন দলে নিজের জায়গা।
আয়ারল্যান্ড সিরিজের আগে তাকে নিয়ে প্রশ্ন ধেয়ে গেছে কোচ হাথুরুর কাছে। তার সোজাসাপ্টা জবাব, পারফরম্যান্সের জন্যই বাদ দেওয়া হয়েছে তাকে। কোচের কথা, অবশ্যই পারফরম্যান্সের জন্য বাদ পড়েছে সে, চেহারার জন্য নয়। জাতীয় দল থেকে যখন কেউ বাদ পড়ে, তখন সে পারফরম্যান্সের জন্যই বাদ পড়ে। কখনও কখনও অবশ্য কৌশলের কারণেও বাদ দেওয়া হয় খেলোয়াড়দের।
আরও পড়ুন : গোল উৎসবের রাতে রোনালদোর জোড়া গোল
সবশেষ ১৩ ইনিংস আগে শেষ ফিফটির দেখা পেয়েছেন আফিফ। এর পরের ১২ ইনিংসে ১৫.৭২ গড়ে ১৭৩ রান করেছেন তিনি। পারফরম্যান্সটা পক্ষে কথা বলছিল না তার। সে কারণেই দল থেকে বাদ দেওয়া হয়েছে তাকে।
শেষ ১২ ইনিংসে ১৫.৭২ গড়ে ১৭৩ রান—পারফরম্যান্সটা আফিফের পক্ষে মোটেও কথা বলছিল না
তার জাতীয় দলে ফেরার রাস্তাটাও বলে দিয়েছেন হাথুরু। তার কথা, তার দলে ফেরার রাস্তাটা আর সবার যেমন হয় তেমনই, রান করতে হবে। কোথায় উন্নতি করতে হবে তাকে, সেটা নিয়ে তার সঙ্গে কথা হয়েছে আমার। সেটা যদি সে করতে পারে শেষমেশ, আর সে যদি দলে ফেরার বিবেচনায় আসে, তাহলে দলের আর সবার মতো করেই বিবেচনা করা হবে তাকে।