প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ মার্চ ২০২৩ ১০:৩২ এএম
আপডেট : ২০ মার্চ ২০২৩ ১০:৪০ এএম
সিরিজের শুরুটা বুঝি এর চেয়ে ভালো হতেই পারত না! আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের ইতিহাসে রেকর্ড রান করে রেকর্ড ১৮৩ রানের ব্যবধানে জয়। এরপর তো নজরটা সিরিজ জয়েই থাকার কথা! তবে তার সঙ্গে চোখ আকাশপানেও রাখতে হবে বাংলাদেশকে। সিলেটের আকাশ কাল থেকেই অঝোরে কেঁদে চলেছে যে!
রবিবার মেঘমেদুর এক দিনই দেখেছে সিলেট। থেমে থেমে বৃষ্টি হয়েছে সারা দিন। মাঝের সময়টাতেও বৃষ্টি হয়েছে ঝিরঝিরে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, সে তোড়টা আজ শুধু বাড়বেই। অ্যাকুওয়েদার জানাচ্ছে, বৃষ্টির সম্ভাবনাটা ৬০ শতাংশেরও বেশি।
এমন যখন পরিস্থিতি, তখন তো খেলা নিয়েই সৃষ্টি হয় শঙ্কা! হলেও খেলাটা কার্টেল ওভারের হওয়ার সম্ভাবনা সমূহ। আয়ারল্যান্ড কাল পুরোদস্তুর বিশ্রামে ছিল। বাংলাদেশও তাই। শুধু অধিনায়ক তামিম ইকবাল একা অনুশীলনে এসেছিলেন।
আরও পড়ুন : রেকর্ড রানে, রেকর্ড জয়
বৃষ্টির শঙ্কাটা একপাশে রাখলে বাংলাদেশ আছে সুবিধাজনক অবস্থানেই। প্রথম ম্যাচে এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর তাই তো হওয়া স্বাভাবিক। চোট সমস্যা আছে বেশ কিছু। সিরিজ শুরুর আগেই জাকির হাসানকে হারিয়েছে চোটের কারণে। চোখে চোট পেয়ে মেহেদি হাসান মিরাজ খেলতে পারেননি প্রথম ম্যাচে। জ্বরের কারণে শঙ্কা ছিল তামিম ইকবালের খেলা নিয়েও। তবে তামিম সে শঙ্কা উড়িয়ে দিয়ে খেলেছেন ঠিকই। কিন্তু প্রথম ম্যাচে ৯ বলে মাত্র ৩ রান করেছেন অধিনায়ক। আজ নিজের ৩৪তম জন্মদিনকে আনন্দময় করতে তামিম নিশ্চয়ই চাইবেন বিশেষ কিছু। বড় একটা ইনিংস খেলে নিজেই নিজেকে আজ জন্মদিনে বড় উপহার দিতে পারেন তামিম!
প্রথম ম্যাচে বড় জয়ের সঙ্গে পরীক্ষা-নিরীক্ষায়ও সফল হয়েছে বাংলাদেশ। ব্যাটিং অর্ডারে সাকিব আল হাসান আর তাওহীদ হৃদয়কে ওপরে তুলে মুশফিকুর রহিমকে খানিকটা নিচে খেলানো, লোয়ার মিডল অর্ডারে আফিফ হোসেনকে বসিয়ে ইয়াসির আলী রাব্বিকে একাদশে রাখা হয় প্রথম ম্যাচে। স্পিনার তাইজুলকে বসিয়ে নাসুম আহমেদকে আনা হয়েছিল স্কোয়াডে। তবে সে পরীক্ষায় উতরেও গেছেন সবাই। ওপরে উঠে আসা সাকিব-হৃদয়রা ইনিংস গড়েছেন, নিচে নামা মুশফিক-রাব্বিরা নেমেই হয়েছেন খড়গহস্ত। নাসুমও বল হাতে ছিলেন দারুণ সপ্রতিভ।
এমন পারফরম্যান্সের পর দল আছে বেশ ফুরফুরে মেজাজেই। স্পিন কোচ রঙ্গনা হেরাথের জন্মদিন ছিল গতকাল। কেক কেটে সেটার উদযাপন হয়েছে দলে। পুরো দল নয় অবশ্য, তার সঙ্গী ছিলেন অধিনায়ক তামিম আর কোচ হাথুরু। এরপর সংবাদমাধ্যমের সঙ্গে কথাও বলেছেন তিনি! প্রাণ খুলে প্রশংসা করেছেন পেসারদের। দল যে এখন ফুরফুরে মেজাজে, তার রাস্তাটা তো গড়ে দিয়েছিলেন তাসকিন আহমেদ-এবাদত হোসেনরাই!
আরও পড়ুন : সিলেট ওয়ানডেতে যত রেকর্ড
বললেন, ‘পেসারদের পারফরম্যান্সে আমরা সবাই অনুপ্রেরণা পাচ্ছি। আমাদের ভালো ফাস্ট বোলিং আক্রমণ আছে এখন। তবে ফাস্ট বোলিংয়ের সঙ্গে আমাদের ব্যাটিং আর স্পিন আক্রমণটাও বেশ ভালো। বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা বেশ ভালো একটা দিক।’
প্রথম ম্যাচে স্পিনাররাও আলো ছড়িয়েছেন বেশ, হেরাথ মনে করিয়ে দিলেন। এতে তার মনে হচ্ছে, সিলেটের কন্ডিশনের সঙ্গে খেলোয়াড়রা মানিয়ে নিয়েছেন ভালোভাবেই। তার ভাষ্য, ‘দারুণ বল করে নাসুম তিনটা উইকেট নিয়েছে। আমার মনে হচ্ছে ছেলেরা কন্ডিশনের সঙ্গে ভালোই মানিয়ে নিয়েছে। আমি আনন্দিত, সঙ্গে গর্বিতও; ছেলেরা যেভাবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিচ্ছে আর উইকেটটা কেমন হবে তা আঁচ করতে পারছে। কন্ডিশনের সাহায্য না পেলে কীভাবে এখানে বল করা যায়, এটাই তখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।’
তবে যদি ঝুম-বৃষ্টি হয়, তখন তো আর কন্ডিশন মানিয়ে নেওয়ার কোনো সুযোগই থাকে না! আজ সিলেটের আবহাওয়ার পূর্বাভাস যেমন, তাতে তেমন কিছু হওয়ার সম্ভাবনাই বেশি। তাই সিরিজ জয়ের সুযোগ পাওয়াও পড়ে গেছে খানিকটা শঙ্কায়। তবে সুযোগটা পেলে বাংলাদেশ যে আজই সিরিজটা বাগিয়ে নিতে চাইবে, তা আর বলতে...!