প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৩ ১২:১৩ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৩ ১৩:২৭ পিএম
শুরুতেই ফিরেছেন লিটন (পুরোনো ছবি)
ব্যর্থতার বৃত্তে ঘুরছেন লিটন দাস। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৭ রানে থেমেছিল লিটনের ব্যাট। দ্বিতীয় ওয়ানডেতে ডানহাতি ব্যাটার ফিরেছিলেন শূন্য রানে। হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে তৃতীয় ওয়ানডেতেও ব্যর্থ হয়েছেন টাইগার ওপেনার। প্রথম ওভারেই স্যাম কারানের বলে ফিরেছেন তিনি, এদিনও খুলতে পারেননি রানের খাতা। পরে কারান ফিরিয়েছেন আরেক ওপেনার তামিম ইকবালকেও। দুই ওপেনারকে হারিয়ে কার্যত ধুঁকছে বাংলাদেশ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস হেরে বোলিংয়ে তাণ্ডব চালাচ্ছেন কারান। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে লিটনকে ফেরান তিনি। নিজের দ্বিতীয় ওভারে এসে ভিঞ্চের ক্যাচ বানিয়েছেন তামিমকে। ফেরার আগে তামিম করেছেন ৬ বলে ১১ রান।
আরও পড়ুন: তাসকিন বিশ্রামে, ইংল্যান্ড দলেও বদল
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২৩ রান। ক্রিজে ৭ রানে ব্যাট করছেন নাজমুল হোসেন শান্ত ও ৪ রানে মুশফিকুর রহিম।
সিরিজের তৃতীয় এবং শেষ এই ম্যাচের একাদশে দু দলই বদল এনেছে। পেসার তাসকিন আহমেদকে বিশ্রামে রাখা হয়েছে। তার জায়গায় একাদশের সুযোগ পেয়েছেন এবাদত হোসেন। ইংল্যান্ড আগের ম্যাচ থেকে তিনটি বদলে এনেছে। জোফরা আর্চার ও ক্রিস ওকস এই ম্যাচের একাদশে ফিরেছেন। লেগ স্পিনার রেহানকে এই ম্যাচের সুযোগ দিয়েছে ইংল্যান্ড।