প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:১৯ পিএম
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলছে কারা—অস্ট্রেলিয়াকে ফাইনালিস্ট ধরে ভারত, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মাঝে হিসাব চলছে বেশ কিছুদিন। প্যাট কামিন্সদের টানা দুই টেস্ট হারের স্বাদ দিয়ে খেরো খাতায় নিজেদের ওপরের দিকে তুলেছে রোহিত শর্মার দল। তবে এখনও আছে বেশ কিছু যদি-কিন্তু, শেষ পর্যন্ত বাদ পড়তে পারে টেবিলের শীর্ষে থাকা অস্ট্রেলিয়াও!
আইসিসির হিসাব বলছে, সাদা পোশাকের সেরার মুকুটের লড়াই ভারত বনাম অস্ট্রেলিয়ার মাঝে হওয়ার সম্ভাবনা বেশি। শতকরায় তা ৮৮.৯ শতাংশ। অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার সম্ভাবনা ৮.৩ শতাংশ। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার মতে, আসছে জুনে দ্য ওভালে ভারত-শ্রীলঙ্কা শিরোপার লড়াইয়ের সম্ভাবনা ২.৮ শতাংশ।
এবার আসা যাক যদি-কিন্তুতে। এই হলে সেই হবে, তো ওই হবে—এমন অবস্থার মাঝে বলতে গেলে একদম নেই অস্ট্রেলিয়া। কামিন্সের দল একপ্রকার শিরোপার মঞ্চ দখল করে আছে। তবে যদি তারা ভারতের সঙ্গে বর্ডার-গাভাস্কার ট্রফি ৪-০ ব্যবধানে হেরে যায় এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জেতে শ্রীলঙ্কা, তাহলে বাদ পড়বে অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: ভারত-পাকিস্তান রেষারেষিতে এশিয়া কাপ
ভারতের টিকে থাকার সম্ভাবনাও অনেক বেশি। দিল্লি টেস্ট জয়ের পর রোহিত শর্মার দলের জয়ের হার বেড়ে ৬৪.০৬ শতাংশে পৌঁছেছে। ভারত বাকি দুটো টেস্টে হারলেও দক্ষিণ আফ্রিকার নিচে যাবে না। তাই কার্যত ছিটকে গেছে প্রোটিয়ারা। তবে অজিদের কাছে হারলে ভারতকে টপকে যাওয়ার সম্ভাবনা থাকছে লঙ্কানদের। সেক্ষেত্রে ব্ল্যাক ক্যাপসদের ২-০ ব্যবধানে হারাতে হবে তাদের। আইসিসির হিসাবে সেই সম্ভাবনা ৮.৩ শতাংশ। আর যদি ভারত ৪-০ ব্যবধানে অজিদের হারায় এবং লঙ্কানরাও কিউইদের হোয়াইটওয়াশ করে, তাহলে ভারত-শ্রীলঙ্কা খেলবে লাল বলের মর্যাদার লড়াইয়ে।