× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেস্টে ছক্কার রাজা স্টোকস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৫৩ পিএম

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:১৮ পিএম

টেস্টে ছক্কার রাজা স্টোকস

ক্ষণিকের জন্য হয়তো ব্যাটিংই ভুলে গিয়েছিলেন তিনি। বেন স্টোকসের শুরুটা দেখলে তেমনই মনে হবে। গতকাল অচেনা স্টোকসের দেখা মিলল মাউন্ট মঙ্গানুই টেস্টের তৃতীয় দিনে। প্রথম ১২ বলে রানই পাননি ইংল্যান্ডের এ মারকুটে ব্যাটার। তবে কিউই পেসার স্কট কুগলায়েনের বলে টানা দুই চার মেরেই হাত খুলে ফেলেন। ইংলিশ ক্যাপ্টেনের ব্যাটিং মেজাজ ঘুরে যায় ১৮০ ডিগ্রি। তাতেই লিখে ফেলেন নতুন রেকর্ড। 

টানা দুই চার হাঁকিয়েও রক্ষণাত্মক ভঙ্গিতে ব্যাট চালাতে থাকেন। কয়েকটি বল দেখে-শুনে খেলার পরই পেয়ে যান ছক্কার দেখা। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৪৮.৩ ওভারেই আসে রেকর্ড গড়া সেই ছয়। ২২তম বলে কুগলায়েনকে ফাইন লেগের ওপর দিয়ে উড়িয়ে মারেন স্টোকস। এলো সেই বহুল কাঙ্ক্ষিত ছক্কা। তাতেই গড়া হয়ে যায় নতুন এক কীর্তি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডের মালিক বনে যান বেন স্টোকস। ভেঙে দেন নিজের বর্তমান ক্রিকেটগুরু ব্রেন্ডন ম্যাককালামের রেকর্ড। ইংলিশদের বর্তমান কোচ ও কিউই কিংবদন্তিকে পেরিয়ে নতুন মাইলফলক গড়ে ইংলিশ ক্যাপ্টেন লিখলেন নতুন ইতিহাস। ইংল্যান্ডের বর্তমান কোচ ম্যাককালাম তখন ড্রেসিংরুমে থেকেই উপভোগ করছিলেন তার সেই ব্যাটিংঝলক।

আরও পড়ুন: ‘পুরোনো’ হাথুরুসিংহের সামনে নতুন চ্যালেঞ্জ

রেকর্ড গড়া ছক্কার পর স্টোকস ছক্কা হাঁকিয়েছেন আরও একটি। তবে ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। ৫২ ওভারের শেষ বলে মাইকেল ব্রেসওয়েলের বলে আউট হয়ে সাজঘরে ফেরার আগে ৩৩ বলে ৩১ রান যোগ করেন দলীয় স্কোরে। ৪৮ মিনিটের ইনিংসে দুই ছক্কার সঙ্গে তাতে ছিল তিন বাউন্ডারির মার।

টেস্ট ক্যারিয়ারে স্টোকসের ছক্কা এখন ১০৯টি। ১০১ টেস্টে ১০৭ ছক্কা হাঁকিয়ে এতদিন রেকর্ড নিজের দখলে রেখেছিলেন ম্যাককালাম। তবে নিউজিল্যান্ডের সাবেক এ তারকাকে স্টোকস ছাড়িয়ে গেলেন ৯০ টেস্ট খেলেই। ১০৭ ছক্কা নিয়ে ম্যাককালামের পাশে থেকেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন ইংল্যান্ড অধিনায়ক। তাকে টপকে তবেই মাঠ ছাড়েন স্টোকস।

আরও পড়ুন: বিপিএলকে ঢেলে সাজানো প্রয়োজন এবং তা দ্রুতই

লাল বলের ক্রিকেটে ১০০ ছক্কা মারার রেকর্ড খুব বেশি নেই। ম্যাককালাম ও স্টোকস বাদে এই মাইলফলকে পৌঁছেছেন শুধু অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক–ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট। ৯৬ টেস্টের বর্ণিল ক্যারিয়ারে এ অজি লিজেন্ড ছক্কা মেরেছেন ১০০টি।

রেকর্ড ভেঙে শিষ্য স্টোকস কোচ ম্যাককালামের অভিবাদন পেয়েছেন মাঠে থেকেই। রেকর্ড গড়া ছক্কা মেরেই ড্রেসিংরুমের দিকে ব্যাট উঁচিয়ে ধরেন স্টোকস। সেখানে বসে থাকা ম্যাককালাম করতালিতে তাকে বাহবা দেন। তবে ছক্কার রেকর্ডটি অনেক দিনই স্টোকসের দখলে থাকবে। সক্রিয় ক্রিকেটারদের মধ্যে ৭৬ ছক্কা নিয়ে স্টোকসের পরই দুইয়ে রয়েছেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। বোলার হওয়ায় তার পক্ষে রেকর্ডটি ভাঙার সম্ভাবনা কম। তার পরেই ৬৬ ছক্কার মালিক ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ৬৪ ছক্কা রয়েছে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের। তবে এটা নিশ্চিত, স্টোকসকে ছাড়িয়ে যেতে আরও অনেক দিন অপেক্ষায় থাকতে হবে তাদের।

টেস্টে সবচেয়ে বেশি ছক্কা

ছক্কা    ইনিংস টেস্ট    ক্রিকেটার দল

১০৯    ১৬৪          ৯০    বেন স্টোকস    ইংল্যান্ড

১০৭    ১৭৬         ১০১    ব্রেন্ডন ম্যাককালাম    নিউজিল্যান্ড

১০০    ১৩৭         ৯৬    অ্যাডাম গিলক্রিস্ট    অস্ট্রেলিয়া

৯৮    ১৮২         ১০৩    ক্রিস গেইল     ওয়েস্ট ইন্ডিজ

৯৭    ২৮০         ১৬৬    জ্যাক ক্যালিস     দক্ষিণ আফ্রিকা


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা