চ্যাম্পিয়নস লিগ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৩৪ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:০০ পিএম
আনকোরা এক লড়াই নতুনই বটে, ইউরোপের কোনো প্রতিযোগিতায় এর আগে মুখোমুখি হয়নি চেলসি-বরুশিয়া ডর্টমুন্ড। মঞ্চ প্রস্তুত, চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার লড়াইয়ে নামবে দুই জায়ান্ট ক্লাব। শেষ ষোলোর প্রথম লেগে ব্লুজদের আতিথ্য দেবে ডর্টমুন্ড। পরিসংখ্যান, শক্তিমত্তা কিংবা বর্তমান পরিস্থিতি হিসাবের খেরো খাতায় সমাধান কষলে ইংলিশ ক্লাবটির থেকে ভারী থাকবে বুন্দেসলিগার শীর্ষসারির দলটির পাল্লা। খুব সহজ ভাষায় বললে, আজ রাত ২টায় নড়বড়ে চেলসি পড়বে জয়ের ধারায় উড়তে থাকা ডর্টমুন্ডের সামনে, তাও তাদের মাটিতে।
পরিসংখ্যান বলছে, ডর্টমুন্ডের সামনে ধুঁকতে থাকা ব্লুজরা ধোপে টিকতে পারবে না। নিজেদের মাঠে একপ্রকার অপ্রতিরোধ্য দ্য ব্ল্যাক অ্যান্ড ইয়েলোজরা। চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে শেষ ২১ ম্যাচের দশটিতেই জিতেছে, হার মোটে একটি; বাকি ৭ ম্যাচে ফল হয়েছে সমতায়। বুন্দেসলিগায় চলতি মৌসুমেও দ্য বিভিবি ছড়াচ্ছে আলো, লিগের সবশেষ ৫ ম্যাচের সবকটি জিতে আছে টেবিলের শীর্ষ তিনে। সব ধরনের প্রতিযোগিতা মিলে জয়ের সংখ্যা আরও এক বাড়বে, অর্থাৎ ৬টি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, ২০২৩ সালে এখন পর্যন্ত হারেনি ডর্টমুন্ডÑ স্বভাবত এই পরিসংখ্যানে চোখ রাখলে চাপে থাকবে চেলসি।
শক্তিমত্তার বিচারে ব্লুজদের খাতা অনেকটা শূন্য। প্রিমিয়ার লিগের নড়বড়ে দলটি এখন টেবিলের শীর্ষ দশের বাইরে যাওয়ার জোগাড়। আসছে মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ তো দূরে ইউরোপা লিগে খেলার সম্ভাবনাও তলানির দিকে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচ ম্যাচের জয় মোটে একটিতে, তাও টেবিলের তলানির ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে, বাকি তিনটিতে করতে হয়েছে পয়েন্ট ভাগাভাগি। এর মাঝে এক ম্যাচে হারও দেখেছে ব্লুজরা। প্রিমিয়ার লিগ ছেড়ে চ্যাম্পিয়ন্স লিগে ভাগ্যের চাকা ঘুরতেও পারে গ্রাহাম পটারের শিষ্যদের।
আরও পড়ুন: ফাইনালের আগে সাহসী সালাউদ্দিন
আরও পড়ুন: আইপিএলে আরসিবির পরামর্শক সানিয়া
সেই আশা দেখতেও বারণ করছে পরিসংখ্যান। বুন্দেসলিগার দলের বিপক্ষে এখন পর্যন্ত ১১ ম্যাচে তিনটিতে জয় তুলতে পেরেছে চেলসি। জার্মান সাইডের বিপক্ষে হারের সংখ্যা বেশি ব্লুজদের, ৫টি হারের বিপরীতে সমতা নিয়ে মাঠ ছেড়েছে ৩ বার। তবে ডর্টমুন্ডের ইংলিশ লিগ ঘাটতিতে জয়ের স্বপ্ন বুনতে পারে চেলসি। ইংলিশ কোনো দলের বিপক্ষে ১০ ম্যাচের একটিও জিততে পারেনি, ৮টি হারের সঙ্গে মোটে দুটি ড্র। এডিন টেরজিচের শিষ্যরা তবে এবার আশাবাদী লিগে এগিয়ে থাকার। সব ধরনের প্রতিযোগিতায় ধুঁকতে থাকা চেলসিকে টপকে শীর্ষ আটের পথও খোলা রাখার মিশনে বদ্ধপরিকর দ্য বিভিবি দল।
চেলসি যাকে নিয়ে আক্রমণের পরিকল্পনা কষছে, সেই কাই হাভার্টজের ডর্টমুন্ডদর্শন যাচ্ছেতাই। লেভারকুসেনের হয়ে খেলার সময় চার ম্যাচ হারও দেখেছেন হাভার্টজে। চেলসি ফরোয়ার্ড ডর্টমুন্ডের বিপক্ষেই কাটাচ্ছেন সবচেয়ে বেশি সময়ের গোলখরা। সাত ম্যাচ খেলেও এখনও ডর্টমুন্ড গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি তিনি। অন্যদিকে ডর্টমুন্ড স্ট্রাইকার ইউসোফা মওকোকো আছেন দুর্দান্ত ছন্দে। রাতে সিগন্যাল ইদুনা পার্কে গোল পেলে সবচেয়ে কম বয়সি হিসেবে ইউরোপসেরার মঞ্চে গোল করার রেকর্ড গড়ে ফেলবেন।
আরও পড়ুন: অনিয়ন্ত্রিত মেজাজ, ফের জরিমানা গুনলেন শান্ত
তবে শক্তিমত্তা, পরিসংখ্যান কিংবা বর্তমান পরিস্থিতে চোখ নেই ব্লুজ কোচ পটারের। চ্যাম্পিয়ন্স লিগে অপরাজিত থাকা পটারের ভাবনায় শুধু জয়। টমাস টুখেলের পর দায়িত্ব নিয়ে এখন পর্যন্ত ৫টি ইউরোপসেরার ম্যাচের চারটিতে জিতেছে, বাকিটি ড্র। যদি আজ জিততে পারে তাহলে ইংলিশদের প্রথম কোনো কোচ হিসেবে টানা পাঁচ চ্যাম্পিয়ন্স লিগ জেতার রেকর্ড গড়বেন পটার। সে কারণেই যেন তার সহজ স্বীকারোক্তি ‘আমাদের বুঝতে হবে, ডর্টমুন্ডে সম্মান নিয়ে যেতে হবে এবং ভালো রেজাল্ট আনতে হবে।’
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
ক্লাব ব্রুগ-বেনফিকা
সরাসরি রাত ২টা
সনি লাইভ, সনি টেন ১
বরুশিয়া ডর্টমুন্ড-চেলসি
সরাসরি রাত ২টা
সনি লাইভ, সনি টেন ২
চেলসির সবশেষ পাঁচ ম্যাচ:
DDDWL
ডর্টমুন্ডের সবশেষ পাঁচ ম্যাচ:
WWWWW