× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্লে অফে ‘আপাত’ ব্যর্থ নতুন বিদেশিরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১২:০৬ পিএম

প্লে অফে ‘আপাত’ ব্যর্থ নতুন বিদেশিরা

প্লে অফের আগে পিএসএলের বাধ্যবাধকতা থাকায় দেশে ফেরেন বিপিএলে থাকা পাকিস্তানি ক্রিকেটাররা। প্লে অফে তাদের বদলি হিসেবে নতুন বিদেশিরা নতুন জায়গা করে নেন। দেশি ক্রিকেটারদের ভিড়ে কেমন করলেন তারা? সেটাই প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যদিও খালি চোখে তাদের কারও পারফরম্যান্সই চোখে পড়ার মতো না। ম্যাচের আগে হুট করে দলে যোগ দেওয়ায় মানিয়ে নিয়ে পারফর্ম করাই কঠিন হয়ে উঠেছে তাদের জন্য। তবুও নতুন করে বিদেশি আনতে উঠেপড়ে লেগেছে ফ্রাঞ্চাইজিগুলো।

প্লে অফে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিদেশি তালিকায় এসেছে সবচেয়ে বড় পরিবর্তন। মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ ও হাসান আলীকে প্রায় পুরো সময় পেয়েছে তারা। তাদের বিদায়ের পর আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, মঈন আলীকে দলে নিয়েছে। মঈন আলী প্লে অফেই প্রথম ম্যাচ খেললেও নারাইন-রাসেলরা অবশ্য লিগপর্বে খেলেছেন। প্লে অফে নতুন ক্রিকেটার নামালেও ম্যাচজয়ী পারফর্মার ছিলেন পুরোনোরাই। মোসাদ্দেক হোসেন ও মোস্তাফিজুর রহমানই হয়েছিলেন নায়ক।

প্লে অফ থেকে বাদ পড়া ফরচুন বরিশাল ইফতিখার আহমেদ, করিম জানাত ও মোহাম্মদ ওয়াসিমদের পারফরম্যান্সে এগিয়ে যায়। করিম জানাত ছাড়া বাকিরা প্লে অফের আগেই বিদায় নেন। বদলি হিসেবে আসা ভানুকা রাজাপাকসে, আন্দ্রে ফ্লেচার এসেছিলেন প্লে অফকে কেন্দ্র করেই। এলিমিনেটরে বরিশাল বাদ পড়ায় এক ম্যাচ খেলেই তাদের বিদায় নিতে হচ্ছে। নতুন বিদেশি দলে ভিড়িয়েও জয়ের দেখা পেতে ব্যর্থ বরিশাল।

আরও পড়ুন: ফাইনালে রংপুর না সিলেট, ফয়সালা আজ

লিগপর্বে শীর্ষে থেকে প্লে অফে আসা সিলেট স্ট্রাইকার্স পুরো আসরই নির্ভর ছিল দেশি ক্রিকেটারদের ওপর। ব্যাটিংয়ে বিদেশিদের প্রভাব না থাকলেও বোলিংয়ে ছিল ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমিরের আধিপত্য। পিএসএলের কারণে হওয়া সেই ক্ষতি কাটাতে শফিকুল্লাহ গিফারি, জর্জ লিন্ডে ও ইসুরু উদানাকে দলে নেয়। কিন্তু তাদের বিদেশিরাও পূরণ করতে পারেনি প্রত্যাশা। প্রথম কোয়ালিফায়ারে নতুন বিদেশিদের নিয়েও ম্যাচ জিততে পারেনি।

বিদেশি ক্রিকেটার সংগ্রহে সবচেয়ে এগিয়ে রংপুর রাইডার্স। ফরচুন বরিশালকে বিদায় করে দেওয়ার ম্যাচে দাসুন শানাকা, নিকোলাস পুরান, ডোয়াইন ব্রাভো ও মুজিব-উর-রহমানকে মাঠে নামায়। চারজনের সবাই এবারের আসরে প্রথমবারের মতো খেলতে নামে। অথচ নিয়মিত খেলা আজমতউল্লাহ জাজাই ও রহমানউল্লাহ গুরবাজকে বসিয়ে দেয়। যাদের নামানো হয়েছে তারাও প্রত্যাশা পূরণ করতে পারেননি। দেশি তরুণ শামীম পাটোয়ারীর ৭১ রানের দারুণ ইনিংসে শেষ পর্যন্ত জয় পায় রংপুর।

বিপিএলে হুট করে দলে যোগ দেওয়া কোনো বিদেশি ক্রিকেটারই তাদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। নামের ভারে বড় হলেও হুট করে নতুন পরিবেশে এসে তারা মানিয়ে নিতে পারেননি। খেলোয়াড় ও পরিবেশ সম্পর্কে সঠিক ধারণা না থাকায় এটা হয় বলে মনে করেন কোচ নাজমুল আবেদীন ফাহিম। রবিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মাঠে নামার আগে খেলোয়াড় ও দল সম্পর্কে সঠিক ধারণা থাকা উচিত। যেটা নতুন বিদেশিদের মধ্যে ছিল না। সেই কারণে তারা ভালো করতে পারছে না।’

নতুন পরিবেশে হুট করে মানিয়ে নিতে পারবে না জেনেও আবারও বিদেশি ক্রিকেটার উড়িয়ে এনেছে। আজ সন্ধ্যায় রংপুরের হয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে ঢাকায় এসেছেন ইংলিশ অলরাউন্ডার স্যাম বিলিংস। বিদেশি তারকারা এসেই হয়ে উঠতে পারেন না ম্যাচের তারা, তবুও ম্যাচপ্রতি পরিবর্তন হতে থাকে বিদেশি ক্রিকেটারদের নাম ও তালিকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা