× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লিগ ফুটবলে রোনালদোর ৫০৩ গোলের গল্প

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:১৫ পিএম

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:১৮ পিএম

লিগ ফুটবলে রোনালদোর ৫০৩ গোলের গল্প

সমালোচনার জবাবটা মাঠে দিতেই পছন্দ করেন তিনি। সে কারণেই ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবলে এক আস্থার নাম তার সমর্থকদের কাছে। যারা বিশ্বাস করেন রোনালদোর কাছে বয়স কেবল একটা সংখ্যামাত্র। সে কারণেই হয়তো প্রত্যাশাটাও আকাশচুম্বী। সমর্থকদের আস্থার প্রতিদান দিতে নিজের সেরাটা নিংড়ে দেন সিআর সেভেনও। সে কারণেই হয়তো এখনও নতুন করে রেকর্ড গড়ার তাড়না তাড়া করে তাকে। বৃহস্পতিবার রাতেও গড়েছেন এক রেকর্ড। নিজেকে নিয়ে গেছেন সবচেয়ে উঁচুতে। যেখানে কেবল তিনিই একা।

সৌদি আরবে পা রাখার পর শুরু থেকেই কিছুটা অগোছালো ছিলেন রোনালদো। নতুন পরিবেশে মানিয়ে নেওয়ারও একটা ব্যাপার থাকে। সে কারণেই হয়তো ধুঁকছিলেন। তাতে যেন সহ্য হচ্ছিল না সৌদি সমর্থকদের। তবে যখন তিনি ফিরেছেন তখন ভক্তদের জমে থাকা সব প্রত্যাশা দিয়েছেন এক ম্যাচেই। সৌদি প্রো লিগে আল ওয়েহদার বিপক্ষে রোনালদো একাই করেছেন ৪ গোল। আর তাতেই নতুন উচ্চতায় রোনালদো।

লিগ পর্যায়ে ফুটবলে রোনালদোর গোল এখন ৫০৩টি। ২০ বছরের ক্যারিয়ারে এই গোল করেছেন পাঁচটি ক্লাবের হয়ে। পর্তুগালের স্পোটিংয়ের হয়ে ৩টি, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুই দফায় ১০৩টি, রিয়াল মাদ্রিদের হয়ে ৩১১টি, জুভেন্তাসের হয়ে ৮১টি ও আল নাসরের হয়ে ৫টি। লিগ ফুটবলে ৪৯৭ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন লিওনেল মেসি।

আরও পড়ুন: খরা কাটাতে এক ম্যাচে ৪ গোল করলেন রোনালদো

বর্ণিল ফুটবল ক্যারিয়ারে ৬০টি হ্যাটট্রিকের মালিকানা নিয়েও মাঠের লড়াইয়ে খাবি খেয়েছেন রোনালদো। শেষ ৯ মাসে তিন গোলও করতে পারেননি কোনো ম্যাচে। সেই ফুটবল সুপারস্টার বিশ্বকাপেও ছিলেন নিজের ছায়া হয়ে। খারাপ সময়টা পেছনে ফেলেছেন রোনালদো। এবার ঘুরে দাঁড়িয়ে মাঠে ছড়ালেন আলো। আল নাসরের জার্সি গায়ে নিজের চতুর্থ ম্যাচে প্রতিপক্ষের জালে জড়ালেন চার গোল। সমালোচনাকে পাত্তা না দিয়ে দলের দরকারি মুহূর্তে দেখালেন ঝলক। সিআর সেভেনের অসাধারণ নৈপুণ্যে আল নাসর উঠে গেল সৌদি প্রো লিগ টেবিলের শীর্ষে।

বৃহস্পতিবার রাতে মক্কার কিং আবদুল আজিজ স্টেডিয়ামে রোনালদোরা পেয়েছেন বড় জয়। তারা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষ আল ওয়েহদাকে। গোল উৎসবের এ জয়ে ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তালিকার সবার ওপরে উঠে গেছে আল নাসর।

৪৯৯ গোল নিয়ে আল ওয়েহদার মাঠে নেমেছিলেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো। ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করার অপেক্ষাটা দূর করতে খুব বেশি সময় নেননি। ম্যাচের ২১তম মিনিটেই কীর্তিটা গড়ে ফেলেন পর্তুগিজ এ ফুটবল মহাতারকা। তবে নতুন ইতিহাস গড়েই থামেননি। লড়াইয়ের ৪০তম মিনিটে ফের জালে বল পাঠান ৩৮ বছরের রোনালদো।

আরও পড়ুন: রোনালদো কেন ৭ নম্বর জার্সি পরেন

রোনালদোর ফুটবল জাদুতে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর। পরে দ্বিতীয়ার্ধের ৫৩তম মিনিটে পেনাল্টি পেয়ে যায়। স্পটকিক থেকে গোল করার সুনাম রয়েছে রোনালদোর। দক্ষতার স্বাক্ষরতা প্রমাণ দিলেন আরও একবার। শত্রুপক্ষের গোলরক্ষকের চোখ ফাঁকি দিয়ে লক্ষ্যভেদ করে নেন হ্যাটট্রিকের স্বাদ। তাতেই রোনালদো পেয়ে যান ক্যারিয়ারের ৬১তম হ্যাটট্রিক।

লড়াইয়ের ৬১তম মিনিটে ম্যাচে নিজের চতুর্থ গোলের দেখাও পেয়ে যান রোনালদো। পঞ্চম গোলের সুযোগও এসে ছিল রোনালদোর সামনে। কিন্তু সেটা কাজে লাগাতে পারেননি তারকা এ ফরোয়ার্ড। তবে মাঠে যেটা করে দেখিয়েছেন সেটাই কম কীসে। পেশাদার ক্লাব ফুটবলে লিগে ৫০৩ গোলের মালিকানা নিয়ে তবেই মাঠ ছাড়েন রোনালদো।

ক্লাবের হয়ে রোনালদোর গোল

স্পোর্টিং লিসবন

ম্যান ইউ (দুই দফায়) ১০৩

রিয়াল মাদ্রিদ ৩১১

জুভেন্তাস ৮১

আল নাসর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা