প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৫৭ এএম
গত আসরের মতো এবারের আসরেও প্লে অফে দেখা মিলবে ডিআরএসের। এবার বিকল্প হিসেবে ব্যবহার করা হয় এডিআরএস। বিতর্ক তৈরি হলেও লিগ পর্বের সব ম্যাচে ছিল এডিআরএসের ব্যবহার। প্লে অফে অবশ্য এই এডিআরএস থাকবে না। তখন ব্যবহার করা হবে ডিআরএস। ডিআরএস পরিচালনার জন্য সরবরাহকারী প্রতিষ্ঠান হক আইয়ের লোকজন ইতোমধ্যেই ঢাকায় পা রেখেছেন। মিরপুরে ডিআরএস ইনস্টলের কাজও শুরু করেছেন। বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন বিসিবির এক শীর্ষ কর্মকর্তা।
এর আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, প্লে অফে ডিআরএস থাকবে। সেই অনুযায়ী বৃহস্পতিবার মিরপুরে ডিআরএস সরবরাহকারী প্রতিষ্ঠানের তিন টেকনিশিয়ানকে দেখা গেছে। বিগ ব্যাশ শেষে অস্ট্রেলিয়া থেকে সরাসরি বাংলাদেশে এসেছেন তারা। বিপিএলে ডিআরএস না থাকলেও ভারত সিরিজের পর থেকেই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রোডাকশন রুমে যন্ত্রপাতি বাক্সবন্দি ছিল। বিপিএলের পুরো সময় যন্ত্রপাতি দেশে থাকলেও লোকবল সংকট ও ব্যস্ত সূচির কারণে ব্যবহার করা সম্ভব হয়নি বলে জানায় বিসিবি।
আরও পড়ুন: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে আজ
আরও পড়ুন: রোনালদোর ‘৫০০’
আগামী ১২ ফেব্রুয়ারি থেকে মিরপুরে শুরু হবে বিপিএলের প্লে অফ রাউন্ড। ওইদিন মাঠে গড়াবে কোয়ালিয়াফায়ার-১ ও এলিমিনেটর ম্যাচ। ১৪ ফেব্রুয়ারি প্লে অফের দ্বিতীয় দিন হবে কোয়ালিফায়ার-২। আগামী ১৬ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল আয়োজিত হওয়ার কথা রয়েছে। চার ম্যাচেই থাকবে ডিআরএস। প্লে অফের এই চার ম্যাচের জন্য ৬৪ হাজার ডলার গুনতে হবে বিসিবিকে।