৮ উইকেটে ৩৪৬ রান তুলে ম্যাচ ড্র করেছে আফগানিস্তান। ছবি: আফগানিস্তান ক্রিকেট বোর্ড
জয়ের জন্য শেষ দিনে প্রয়োজন ছিল ৭ উইকেট, অন্যদিকে আফগানিস্তানের সামনে লক্ষ্য ছিল ৪৭৯ রান। পঞ্চম দিনে রোমাঞ্চ ছড়ানো লড়াইয়ে জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত আফগানিস্তানের প্রতিরোধ ভাঙতে পারেনি বাংলাদেশ।
আবুধাবি টেস্টে ৮ উইকেটে ৩৪৬ রান তুলে ম্যাচ ড্র করেছে আফগানিস্তান। ফলে জয়ের সমান ড্র নিয়েই মাঠ ছাড়ল আফগানরা।
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট, আর আফগানিস্তানের সামনে লক্ষ্য ছিল ৪৭৯ রান। আপাতদৃষ্টিতে জয়ের পাল্লা ভারী ছিল বাংলাদেশের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়েছিলেন বাংলাদেশের বোলাররা।
কিন্তু একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি করা সেদিকউল্লাহ আতাল এবং শেষ দিকে ইয়ামিন আহমাদজাই ও কায়েস আহমেদের দৃঢ়তায় শেষ পর্যন্ত ম্যাচ ড্র করেছে আফগানিস্তান।
৩ উইকেটে ১৩২ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে আফগানিস্তান। জয়ের জন্য প্রয়োজন ছিল আরও ৩৪৭ রান। তবে বড় লক্ষ্য তাড়া করার চেয়ে শুরু থেকেই ড্র নিশ্চিত করার দিকে মনোযোগী ছিল সফরকারীরা। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার সেদিকউল্লাহ আতাল ও হাশমতউল্লাহ শহীদি দেখেশুনে খেলে সকালের সময় পার করার চেষ্টা করেন।
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত একাধিকবার বোলিং পরিবর্তন করেও শুরুতে সাফল্য পাচ্ছিলেন না। বিশেষ করে স্পিনারদের অপেক্ষা দীর্ঘ হচ্ছিল।
দিনের তৃতীয় ওভারে দৌড়ে রান নিতে গিয়ে ফিল্ডারের থ্রো পায়ে লাগার পর অস্বস্তিতে পড়েন শহীদি। পরে ক্র্যাম্পের কারণে ৩৩ বলে ২০ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি। তার জায়গায় ব্যাটিংয়ে আসেন ইকরাম আলিখিল।
লাঞ্চের আগে অবশেষে উইকেটের দেখা পায় বাংলাদেশ। ৭৮তম ওভারে এবাদত হোসেনের বলে পুল করতে গিয়ে ব্যাটের বাইরের কানায় বল লাগান ইকরাম। উইকেটের পেছনে ডানদিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নেন লিটন দাস। ৬৯ বলে ৩৩ রান করে ফেরেন ইকরাম। তার বিদায়ে আতালের সঙ্গে ৬৬ রানের জুটি ভাঙে আফগানিস্তানের।
প্রথম সেশন শেষে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ২০৩ রান। বাংলাদেশের জয়ের আশা তখনো ভালোভাবেই টিকে ছিল। অন্যদিকে, আফগানিস্তানের প্রয়োজন ছিল আরও ২৭৬ রান, হাতে ছিল দুই সেশন।
দ্বিতীয় সেশনে আতালকে সঙ্গ দেন ইসমত আলম। দুজন মিলে গড়েন ৪০ রানের জুটি। তবে মেহেদী হাসান মিরাজের বলে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন ইসমত। ৬০ বল খেলে মাত্র ৪ রান করেন তিনি। এরপর ক্রিজে ফিরে আসেন চোটের কারণে আগেই মাঠ ছাড়া শহীদি। কিন্তু এবারও জুটি ভাঙেন মিরাজ। বড় শট খেলতে গিয়ে হাসান মাহমুদের হাতে ক্যাচ দিয়ে ৬৯ বলে ৩৬ রান করে ফেরেন আফগান অধিনায়ক।
একদিকে নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছিল আফগানিস্তান, অন্যদিকে অবিচল ছিলেন আতাল। সতীর্থদের নিয়ে জুটি গড়ে দলের পরাজয়ের শঙ্কা দূর করার চেষ্টা করেন এই বাঁহাতি ওপেনার। ২৭৭ বল খেলে পূর্ণ করেন নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটেও এটি তার প্রথম শতক। শেষ পর্যন্ত ৩৩২ বলে ১১১ রান করে তাইজুল ইসলামের বলে শর্ট লেগে ক্যাচ দিয়ে ফেরেন আতাল। তাঁর ইনিংসে ছিল ৯টি চার ও ৩টি ছক্কা।
আতালের বিদায়ের পর বাংলাদেশের জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল হয়ে ওঠে। তখন বাংলাদেশের প্রয়োজন ছিল আর মাত্র ৩ উইকেট, হাতে ছিল ২১ ওভার। কিন্তু সেখান থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিতে পারেনি বাংলাদেশ।
শেষ দিকে ইয়ামিন আহমাদজাই ও কায়েস আহমেদ মিলে প্রতিরোধ গড়ে তোলেন। একের পর এক বল সামলে বাংলাদেশের বোলারদের হতাশ করতে থাকেন তারা। এর মধ্যে পরপর দুই বলে দুটি সহজ রানআউটের সুযোগ নষ্ট করে বাংলাদেশ। পরে কায়েসের সহজ ক্যাচ ছাড়েন হাসান মাহমুদ। জয়ের জন্য মরিয়া বাংলাদেশের সামনে সুযোগ তৈরি হলেও ফিল্ডিংয়ের ভুলে তা কাজে লাগানো সম্ভব হয়নি।
শেষ দিকে ইয়ামিনকে ৮৫ বলে ১৯ রান করে ফিরিয়ে কিছুটা আশা জাগান মিরাজ। কিন্তু তখন ম্যাচের সময়ও ফুরিয়ে আসছিল। শেষ পর্যন্ত আর কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ। ৮ উইকেটে ৩৪৬ রান নিয়ে দিনের খেলা শেষ করে আফগানিস্তান।
বাংলাদেশের পক্ষে এবাদত হোসেন ও মেহেদী হাসান মিরাজ নিয়েছেন সর্বোচ্চ ৩টি করে উইকেট। হাসান মাহমুদ ও নাঈম হাসান পেয়েছেন একটি করে উইকেট।