প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ১৩:০১ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৬ ১৩:০৩ পিএম
হ্যাটট্রিকের তিন শিকারই সাজঘরে ফেরেন কোনো রান না করে। ছবি: আফগানিস্তান ক্রিকেট বোর্ড
টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের তৃতীয় দিনের সকালে হ্যাটট্রিক করে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখালেন তিনি।
শুধু হ্যাটট্রিকই নয় আবুধাবির ঐতিহাসিক শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ উইকেটও তুলে নিয়েছেন ডানহাতি এই পেসার। হাসান ও এবাদত হোসেনের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে আফগানিস্তান।
দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ২১৭ রান নিয়ে দিন শেষ করেছিল আফগানিস্তান। তৃতীয় দিনের শুরুতে নতুন বল হাতে নিয়ে তাদের ব্যাটিং লাইনআপে আঘাত হানেন বাংলাদেশের বোলাররা। দিনের শুরুতেই ইকরাম আলীখিলকে বোল্ড করে নিজের তৃতীয় উইকেট তুলে নেন এবাদত হোসেন। এরপরই বল হাতে জ্বলে ওঠেন হাসান মাহমুদ।
আফগানিস্তানের প্রথম ইনিংসের ৮৩তম ওভারে টানা তিন বলে তিনটি উইকেট শিকার করেন হাসান। ৮২.৩ ওভারে নিচু হয়ে ভেতরে ঢুকে আসা বলে ইসমত আলমকে বোল্ড করেন তিনি। পরের বলে কায়েস আহমেদের ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটের পেছনে। দারুণ ক্ষিপ্রতায় ক্যাচটি তালুবন্দী করেন উইকেটকিপার লিটন দাস। এরপর ওভারের পঞ্চম বলে জিয়া-উর-রেহমানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন হাসান। আম্পায়ার প্রথমে আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হয় বাংলাদেশ। রিপ্লেতে দেখা যায়, বলটি অফ স্টাম্পের ওপরের অংশে আঘাত করত।
হ্যাটট্রিকের তিন শিকারই সাজঘরে ফেরেন কোনো রান না করে। এর মধ্য দিয়ে টেস্টে বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করা তৃতীয় বোলার হিসেবে নাম লেখান হাসান। এর আগে ২০০৩ সালে অলক কাপালি এবং ২০১৩ সালে সোহাগ গাজী টেস্টে বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেছিলেন। তবে বাংলাদেশের কোনো পেসার এর আগে এই কীর্তি গড়তে পারেননি।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি ৫০তম হ্যাটট্রিক। চলতি বছর লাল বলের ক্রিকেটে এটিই প্রথম হ্যাটট্রিক। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে টেস্টে হাসানের এই কীর্তি বাংলাদেশের ক্রিকেটে নতুন মাইলফলক হয়ে থাকল।
হাসানের তোপে একপর্যায়ে ২২০ রানে ৮ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তান। তার পাঁচ উইকেটের সঙ্গে এবাদতের গুরুত্বপূর্ণ সাফল্যে ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৯২.৩ ওভারে ৩৪৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে তানজিদ করেন ৮৩ রান, সাদমান ইসলামের ব্যাট থেকে আসে ৬৭ রান। নাঈম অপরাজিত থাকেন ৩৫ রানে। আফগানিস্তানের হয়ে সেলিম নেন ৪ উইকেট, ইয়ামিনের শিকার ৩ উইকেট।
প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ২৩৬ রান। বাংলাদেশ এগিয়ে আছে ১১০ রানে।