প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ১৯:২৩ পিএম
ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: রয়টার্স
ফুটবল ইতিহাসে নিজের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগাল জাতীয় দলের এই অধিনায়কের দাবি, মাঠে তার পারফরম্যান্স ও গোলের সংখ্যার যথাযথ স্বীকৃতি দেওয়া হয় না।
সম্প্রতি সিএনএন পর্তুগালকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন আল নাসরের এই তারকা। তবে সাক্ষাৎকারের কয়েকটি অংশ প্রকাশের কয়েক ঘণ্টা পরই এর লিখিত সংস্করণ সরিয়ে নেওয়ার খবর সামনে এসেছে।
দ্য অ্যাথলেটিকের প্রকাশিত তথ্য অনুযায়ী, সাক্ষাৎকারে রোনালদো বলেন, “আমি যে মানের পারফরম্যান্স করে যাচ্ছি এবং যে গোলগুলো করছি, মানুষ সেগুলোকে প্রাপ্য স্বীকৃতি দেয় না”।
ক্যারিয়ারে গোলের পর গোল করে চলেছেন পর্তুগিজ এই মহাতারকা। প্রতিবেদন অনুযায়ী, ক্লাব ও জাতীয় দলের হয়ে পেশাদার ফুটবলে ১ হাজার ৩৩৭ ম্যাচে তার গোলসংখ্যা ৯৮০।
ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার লক্ষ্য নিয়ে প্রশ্ন করা হলে রোনালদো বলেন, “সবকিছু স্বাভাবিকভাবেই এগোতে হবে”।
তার ভাষায়, “আমি যদি ৯২০, ৯২৫ কিংবা ৯৩০ গোলও করি, ইতিহাসের সেরা খেলোয়াড় আমিই। এ নিয়ে আর কিছু বলার নেই”।
তবে এক হাজার গোলের মাইলফলক ছোঁয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। রোনালদো বলেন, “আমি যদি ১ হাজার গোল করতে পারি, সেটি হবে অসাধারণ একটি অর্জন। এই লক্ষ্য নিয়েই কাজ করছি। তবে আমি দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিয়ে খুব বেশি ভাবি না”।
নিজের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তার কথা জানিয়েছেন তিনি। রোনালদোর ভাষায়, “আগামীকাল কী হবে, তাও আমি জানি না। হয়তো একদিন ঘুম থেকে উঠে দেখব, খেলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছি। তখন আর খেলতে চাইব না। সত্যিই জানি না ভবিষ্যতে কী ঘটবে”।
তবে সাক্ষাৎকার ঘিরে সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে অন্য একটি ঘটনায়। প্রতিবেদন অনুযায়ী, সাক্ষাৎকারের কিছু অংশ প্রকাশের কয়েক ঘণ্টা পর সিএনএন পর্তুগাল তাদের ওয়েবসাইট থেকে এর লিখিত প্রতিবেদন সরিয়ে নেয়।
কেন সাক্ষাৎকারের লেখা সরিয়ে নেওয়া হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। রোনালদোর বিতর্কিত মন্তব্যের সঙ্গে এই সিদ্ধান্তের কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা-ও নিশ্চিত নয়।
মাঠের পারফরম্যান্স, গোলের রেকর্ড এবং নিজের শ্রেষ্ঠত্ব নিয়ে আত্মবিশ্বাসী বক্তব্য সব মিলিয়ে আবারও আলোচনায় পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো।
তথ্যসূত্র: গোল ডট কম