প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ১০:২৫ এএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৬ ১০:২৮ এএম
২০০৩ সালে আর্জেন্টিনার রোজারিওতে পরিবারের সদস্যদের সাথে লিওনেল মেসি (ছবিতে সবার উপরে)। তার নিচে, বাম দিক থেকে রয়েছেন ভাই রদ্রিগো, বোন মারিয়া সোল, বাবা হোর্হে, মা সেলিয়া, ভাইপো তোমাস এবং ভাই মাতিয়াস। ছবি: সিএনএন
বিশ্বের কোটি কোটি অভিবাসীর মতো মেসিও ছোটবেলায় নিজের দেশ ছেড়ে নতুন দেশে গিয়েছিলেন। পার্থক্য শুধু, তার গন্তব্য ছিল ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ। আর সেই যাত্রাপথে তিনি হয়ে উঠেছেন ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার।
তবু সাফল্যের শিখরে উঠেও মেসি কখনো ভুলে যাননি তিনি কোথা থেকে এসেছেন।
রোজারিও থেকে বার্সেলোনা
মেসির জন্ম আর্জেন্টিনার রোজারিও শহরে। শৈশবের শুরুটা সেখানেই। কিন্তু মাত্র ১৩ বছর বয়সে তার জীবনে আসে বড় পরিবর্তন।
শৈশবে তার শরীরে গ্রোথ হরমোনের ঘাটতি ধরা পড়ে। প্রয়োজন ছিল ব্যয়বহুল চিকিৎসার। পরিবারের পক্ষে সেই খরচ বহন করা কঠিন হয়ে পড়েছিল। স্থানীয় ক্লাবও সেই দায়িত্ব নিতে পারেনি।
সেই সময় এগিয়ে আসে বার্সেলোনা। চিকিৎসার খরচ বহনের পাশাপাশি মেসিকে দেয় নিজের প্রতিভা বিকাশের সুযোগ। তাই ভবিষ্যতের জন্য মেসিকে চলে যেতে হয় স্পেনে।
একজন কিশোরের জন্য সেটি ছিল বিশাল পরিবর্তন- পরিবার, বন্ধু, পরিচিত পরিবেশ ছেড়ে সম্পূর্ণ নতুন এক দেশে নতুন জীবন শুরু করা। কিন্তু সেখানেই শুরু হয় ফুটবল ইতিহাসের এক অবিশ্বাস্য অধ্যায়।
বার্সেলোনার বয়সভিত্তিক দলে খেলতে গিয়েই মেসির প্রতিভা নজর কাড়ে। তার অসাধারণ দক্ষতায় মুগ্ধ হয়ে স্পেনও তাকে নিজেদের জাতীয় দলে পাওয়ার চেষ্টা করে।
কিন্তু মেসির স্বপ্ন ছিল অন্য জায়গায়। তিনি চেয়েছিলেন আর্জেন্টিনার হয়ে খেলতে।
মেসির সামনে সুযোগ ছিল স্পেনের হয়ে খেলার। চাইলে তিনি সেই পথ বেছে নিতে পারতেন। ইউরোপে বেড়ে ওঠা একজন প্রতিভাবান তরুণ হিসেবে সেটি তার জন্য অস্বাভাবিক সিদ্ধান্তও হতো না। কিন্তু তিনি তা করেননি।
শৈশবেই মেসি বলেছিলেন, তার স্বপ্ন আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে খেলা। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও দ্রুত উদ্যোগ নেয়। ২০০৪ সালের ২৯ জুন অনূর্ধ্ব-২০ দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় মেসির। সেদিন থেকেই শুরু হয় আর্জেন্টিনার জার্সিতে তার দীর্ঘ যাত্রা।
মেসির ক্যারিয়ার যত বড় হয়েছে, আর্জেন্টিনার সঙ্গে তার সম্পর্কও তত গভীর হয়েছে। বরং সময়ের সঙ্গে সেই সম্পর্ক আরও দৃশ্যমান হয়েছে।
জাতীয় দলের হয়ে ব্যর্থতা এসেছে। বিশ্বকাপা ফাইনালে হার এসেছে, এসেছে সমালোচনা। একসময় আর্জেন্টিনার সমর্থকদের কাছ থেকেই মেসিকে শুনতে হয়েছে তীব্র সমালোচনা। প্রশ্ন উঠেছে তার দেশপ্রেম নিয়েও।
কেউ বলেছেন, তিনি জাতীয় সংগীত গান না। কেউ প্রশ্ন তুলেছেন তার মানসিকতা নিয়ে। কেউ তাকে তুলনা করেছেন দিয়েগো ম্যারাডোনার সঙ্গে।
এমনকি একসময় আর্জেন্টিনার হয়ে সম্মান অর্জন করতে না পারার হতাশায় জাতীয় দল থেকে অবসরের ঘোষণাও দিয়েছিলেন তিনি।
কিন্তু সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছিলেন তিনি। কারণ ক্লাব ফুটবলে তার অসংখ্য সাফল্যের পরও আর্জেন্টিনার হয়ে একটি শিরোপা ছিল তার সবচেয়ে বড় অপূর্ণতা।
২০১৪ বিশ্বকাপের ফাইনালে হেরে যাওয়ার পরও থামেননি। পরপর দুই কোপা আমেরিকার ফাইনালে হারার পরও আবার ফিরে এসেছেন।
অবশেষে ২০২১ সালে কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনার হয়ে প্রথম বড় আন্তর্জাতিক ট্রফি আসে মেসির হাত ধরে। এর এক বছর পর কাতার বিশ্বকাপে পূর্ণ হয় তার সবচেয়ে বড় স্বপ্ন। সেই মুহূর্তে যেন দুই দশকের সব কান্না, সমালোচনা আর অপেক্ষার অবসান ঘটে।
যে দেশ তাকে ছাড়তে হয়েছিল, সেই দেশই তাকে বুকে টেনে নেয়। ২০২২ বিশ্বকাপ জয়ের পর মেসিকে ঘিরে আর্জেন্টিনায় যে আবেগ তৈরি হয়েছিল, তা ছিল অভূতপূর্ব।
একসময় যে মানুষটিকে দেশের প্রতি যথেষ্ট ভালোবাসা নেই বলে প্রশ্ন করা হয়েছিল, সেই মানুষই পরিণত হলেন জাতীয় গর্বের অন্যতম বড় প্রতীকে।
রোজারিওর সেই কিশোর, যে চিকিৎসার জন্য দেশ ছেড়ে স্পেনে গিয়েছিল, শেষ পর্যন্ত বিশ্বকাপ হাতে ফিরে এলেন নিজের দেশের মানুষের হৃদয়ের কেন্দ্রে।