দেশের হয়ে সর্বশেষ পাঁচ ইনিংসের চারটিতেই শূন্য রানে আউট হয়েছেন লিটন দাস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দেশের হয়ে সর্বশেষ পাঁচ ইনিংসের চারটিতেই শূন্য রানে আউট হয়েছেন লিটন দাস। এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক দুই ম্যাচে করেছেন মাত্র ২ রান। তার ব্যর্থতার সঙ্গে যোগ হয়েছে দলের হতাশাজনক পারফরম্যান্সও। পাকিস্তানের পর শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসের ক্রিকেট থেকে পদকশূন্য ফিরতে হচ্ছে বাংলাদেশকে। তবে এত কিছুর পরও নিজের পারফরম্যান্স নিয়ে অনুতপ্ত হওয়ার বদলে ভবিষ্যতে ঘুরে দাঁড়ানোর কথাই বলেছেন লিটন।
২০১০ সাল থেকে এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট অন্তর্ভুক্ত। প্রথম আসরেই সোনা জিতেছিল বাংলাদেশ। ২০১৪ সালের ইনচন এশিয়ান গেমসে বৃষ্টির কারণে টসের মাধ্যমে রুপা পেয়েছিল দল। ২০১৮ সালে এশিয়ান গেমসে ক্রিকেট ছিল না। ২০২৩ সালের হাংজু আসরে বাংলাদেশ জিতেছিল ব্রোঞ্জ। এবার অবশ্য কোনো পদকই জুটল না। এবার এশিয়ান গেমসে পাকিস্তান ও শ্রীলঙ্কা তুলনামূলক দুর্বল দল পাঠালেও বাংলাদেশ খেলেছে প্রায় পূর্ণশক্তির দল নিয়ে। এর পরও সেমিফাইনালে পাকিস্তানের কাছে এবং ব্রোঞ্জের ম্যাচে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরেছে লিটনের দল। শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর নিজেদের ব্যর্থতা নিয়ে লিটন বলেন, ‘কোনোভাবেই আমরা এটা কাভার-আপ করতে পারিনি। ব্যাটিং ওয়াইজ আমরা আজ আপ টু দ্য মার্ক ছিলাম না। এখানে এসেছি, টার্গেট ছিল অনেক বড়। সেটা যখন হয়নি, তারপর আরেকটা অপশন ছিল। সুযোগ আমরা মিস করেছি। ভালো ক্রিকেট খেলতে পারিনি, দ্যাটস হোয়াই সুযোগটা মিস হয়েছে।’ অধিনায়ক হিসেবে লিটনের নিজের পারফরম্যান্সও ছিল হতাশাজনক। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মাত্র ২ রান। শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে শূন্য রানে আউট হন তিনি। নিজের পারফরম্যান্স নিয়ে লিটনের সরল স্বীকারোক্তি, ‘আমার পারফরম্যান্স নট আপ টু দ্য মার্ক। আমি দুটি ম্যাচেই ভালো পারফরম্যান্স করতে পারিনি।’ এশিয়ান গেমসে বাংলাদেশের অন্যতম বড় আশা ছিল ক্রিকেটে পদক পাওয়া। কিন্তু সেই ক্রিকেটেই এবার ব্যর্থ হয়েছে দল। বিশেষ করে দ্বিতীয় সারির দল নিয়ে আসা পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হারের পর অধিনায়কের নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। এমন পারফরম্যান্সের পর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর কোনো পরিকল্পনা আছে কি না, জানতে চাইলে লিটন বলেন, ‘না, রিজাইন করতে চাই না। তবে হ্যাঁ, ক্রিকেটে আপস অ্যান্ড ডাউনস থাকে। একদিন ভালো হবে, একদিন খারাপ হবে। এখানে রিজাইনের তো কিছু না।’ এশিয়ান গেমসে ক্রিকেটাররা অন্য অনেক ডিসিপ্লিনের তুলনায় বেশি সুযোগ-সুবিধা পেয়েছেন। সাঁতার, অ্যাথলেটিকসসহ বিভিন্ন খেলার অনেক ক্রীড়াবিদ সীমিত সামর্থ্য নিয়েই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এমন বাস্তবতায় ক্রিকেটারদের কাছ থেকে প্রত্যাশাও ছিল বেশি। সেই প্রত্যাশা পূরণ করতে না পারায় অনুতপ্ত কি না, এমন প্রশ্নের মুখেও লিটন ভবিষ্যতের দিকে তাকানোর কথা বলেন।
লিটনের ভাষায়, ‘এটা স্বাভাবিক বিষয়। আমরা দেশ থেকে যখন এসেছি, একটা বড় টার্গেট নিয়ে এসেছি। যখন দিতে পারিনি, অ্যাজ আ টিম হিসেবে, অ্যাজ আ ক্যাপ্টেন হিসেবে সবারই খারাপ লাগবে এবং খারাপ লাগাটাই স্বাভাবিক। বাট অ্যাজ আ বাংলাদেশ টিম অনেক কিছুই দিয়েছে অতীতে। আমার মনে হয় ভবিষ্যতেও দেবে। আমরা ওইটার জন্যই চেষ্টা করব আবার।’ এশিয়ান গেমসে তাই হতাশার অধ্যায় শেষ হলো বাংলাদেশের ক্রিকেটের। ব্যক্তিগতভাবে লিটনের ব্যাটও ছিল নীরব। তবে অধিনায়কত্ব ছাড়ার কোনো ইঙ্গিত না দিয়ে সামনে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ই জানিয়েছেন তিনি।